কেন ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কালিনিনগ্রাদ?

ফিনল্যান্ড উপসাগরে সামরিক সংশ্লিষ্ট একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর গত শনিবার রুশ ছিটমহল কালিনিনগ্রাদের প্রধান বিমানবন্দরে কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয় এবং কর্তৃপক্ষ ড্রোন সতর্কতা জারি করে।

কালিনিনগ্রাদ কোথায় এবং এটি কী?

এটি অত্যন্ত সামরিকীকৃত একটি অঞ্চল, যা ন্যাটো সদস্য পোল্যান্ড ও লিথুয়ানিয়া এবং বাল্টিক সাগরের মাঝে অবস্থিত, কিন্তু মূল রাশিয়া থেকে বিচ্ছিন্ন। এর জনসংখ্যা প্রায় ১০ লাখ এবং আয়তন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের চেয়ে সামান্য বড়।

এটি কীভাবে রাশিয়ার অংশ হলো?

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই ছিটমহলটি ছিল জার্মান ভূখণ্ড পূর্ব প্রুশিয়ার উত্তর অংশ, যার রাজধানী কোয়েনিসবার্গে দার্শনিক ইমানুয়েল কান্ট বসবাস করতেন। ১৯৪৫ সালের এপ্রিলে রেড আর্মি এটি দখল করে এবং যুদ্ধ শেষে বিজয়ী মিত্রশক্তি অঞ্চলটি সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের মধ্যে ভাগ করে নেয়। কোয়েনিসবার্গের নাম পরিবর্তন করে রাখা হয় কালিনিনগ্রাদ, এবং পুরো ছিটমহলটিই এই নামে পরিচিতি পায়।

Kaliningrad 03
কৌশলগতভাবে এটি কেন গুরুত্বপূর্ণ?

এটি রাশিয়াকে এমন একটি অবস্থান দেয়, যেখান থেকে বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর মাধ্যমে উত্তর ও মধ্য ইউরোপের গভীরে শক্তি প্রয়োগ করা যায়; একই সঙ্গে স্থলপথে বাল্টিক সদস্য রাষ্ট্রগুলোতে ন্যাটো বাহিনীর পৌঁছানোর সক্ষমতাও সীমিত করে। অন্যদিকে, দুটি ন্যাটো রাষ্ট্রের মাঝে আটকে থাকায় যুদ্ধ বাধলে কালিনিনগ্রাদে রসদ সরবরাহ করা বা এটি রক্ষা করা মস্কোর জন্য কঠিন হবে।

সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির কারণ কী?

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই উত্তেজনা ক্রমে বেড়েছে, যার ফলে ন্যাটো তাদের পূর্ব সীমান্ত শক্তিশালী করতে পদক্ষেপ নেয়। অঞ্চলটিতে জোটের সম্প্রসারণ ঘটেছে, ২০২৩ সালে ফিনল্যান্ড এবং ২০২৪ সালে সুইডেন ন্যাটোতে যোগ দেয়।

Kaliningrad 04
রাশিয়া কালিনিনগ্রাদের জন্য ক্রমবর্ধমান হুমকি দেখছে। ২০২৬ সালের মে মাসে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে রাশিয়া ‘উন্মাদনার কাছাকাছি’ বলে আখ্যা দেয়; ওই মন্ত্রী বলেছিলেন যে, ‘কালিনিনগ্রাদে গড়ে তোলা ছোট দুর্গে অনুপ্রবেশ’ এবং এর বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা মস্কোকে দেখানো ন্যাটোর উচিত।

এক পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, ২০২৬ সালের আগস্টের মাঝামাঝি কালিনিনগ্রাদের আশপাশে ন্যাটোর কয়েক ডজন বিমান একটি অঘোষিত অভিযানে অংশ নেয়; রাশিয়ার সাথে সংঘাত বাধলে ছিটমহলটির রেডিও ও রাডার সংযোগ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিচ্ছিন্ন করার সক্ষমতা প্রদর্শন করাই ছিল এর লক্ষ্য।

Kaliningrad 04
পরবর্তী সময়ে ইউরোপের রুশ দূতাবাসগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক তৎপরতা এবং কালিনিনগ্রাদ নিয়ে নীতিনির্ধারক ও গণমাধ্যমের কঠোর বক্তব্য তুলে ধরে, যা মস্কো হুমকি হিসেবে দেখছে।

ন্যাটোর বক্তব্য অনুযায়ী, সমুদ্রতলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর হুমকি মোকাবিলার প্রতিক্রিয়ায় তারা বাল্টিক সাগরে উপস্থিতি বাড়িয়েছে। দূতাবাসগুলোর সতর্কবার্তার জবাবে ন্যাটো মস্কোকে ‘ক্রমবর্ধমান বেপরোয়া আচরণ’ ও ‘দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বক্তব্য’ বন্ধ করার আহ্বান জানায়।

২০২৬ সালের অক্টোবরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেন, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র দিয়ে যে ভূখণ্ড রক্ষার অঙ্গীকার মস্কো করেছে, সেই কালিনিনগ্রাদকে হুমকি দিয়ে ইউক্রেন নিয়ে অচলাবস্থা যেন আরও বাড়ানো না হয়।

Kaliningrad 01
কোন বিষয়গুলো সংকট উসকে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা?

২০২২ সাল থেকেই ইউরোপীয় রাষ্ট্রগুলো সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলেছে—রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা করলেও নিজেরা সরাসরি সংঘাতে জড়ানো থেকে বিরত রয়েছে, যদিও মস্কো বলেছে যে তারা ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যেকোনো ভুল হিসাবনিকাশ সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে—এবং অবস্থানের কারণে কালিনিনগ্রাদ একটি সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দু।

সম্ভাব্য উসকানির কারণগুলোর মধ্যে থাকতে পারে ড্রোন সংক্রান্ত ঘটনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া, নতুন বড় ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন, কিংবা এমন যেকোনো পদক্ষেপ যা মস্কো ছিটমহলটির ওপর অবরোধ আরোপের ন্যাটো প্রচেষ্টা হিসেবে মনে করে।

তথ্যসূত্র: রয়টার্স