রাজকীয় নিরাপত্তা বলয় ভেদ করে এবার ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের কান্ট্রি রেসিডেন্স বা গ্রামের বাড়িতে হানা দিলো দুর্বৃত্তরা! মঙ্গলবার ‘দ্য সান’ পত্রিকার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পূর্ব ইংল্যান্ডের নরফোক কাউন্টিতে অবস্থিত রাজপরিবারের স্যান্ড্রিংহাম এস্টেটের ‘অ্যানমার হল’-এ এই অনুপ্রবেশের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
স্বস্তির বিষয় হলো, ঘটনার সময় ১০ শয়নকক্ষের এই প্রাসাদে উইলিয়াম, কেট কিংবা তাদের তিন সন্তানের কেউই উপস্থিত ছিলেন না। ২০১১ সালে বিয়ের উপহার হিসেবে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই বাড়িটি তাদের দিয়েছিলেন। ছুটি বা স্বল্পমেয়াদি অবকাশ যাপনের জন্য এটি ব্যবহার করলেও লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসল এস্টেটেই মূলত থাকেন তারা।
অনুপ্রবেশের ঘটনা নিয়ে নরফোক পুলিশের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, আর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উইলিয়ামের মুখপাত্র।
কাকতালীয়ভাবে এই খবরটি এমন এক দিনে সামনে এল, যেদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের দপ্তর ১০ ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। ১৭৩৫ সাল থেকে ব্রিটিশ সরকারপ্রধানদের সরকারি বাসভবন ও দপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসা ‘নম্বর টেন’-এ আনুষ্ঠানিক আয়োজনের বাইরে রাজপরিবারের সদস্যদের যাওয়ার ঘটনা তুলনামূলক বিরল।
অতীতে ১৯৫৫ সালে উইনস্টন চার্চিল পদত্যাগের ঠিক আগে তার সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন প্রয়াত রানি এলিজাবেথ, আর ২০১২ সালে হীরক জয়ন্তীর বছরে প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ সম্রাট হিসেবে সেখানে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে রাজা চার্লসও সরকারের কাজকর্ম দেখতে একাধিকবার ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন, আর প্রায় ৩৭ বছর আগে ১৯৮৯ সালে সেখানে গিয়েছিলেন উইলিয়ামের প্রয়াত মা প্রিন্সেস ডায়ানাও।