ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সাতজন আহত হয়েছেন এবং শহরের একটি শপিং সেন্টার ও অপর দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো। মস্কো দাবি করেছে, তারা কিয়েভে ড্রোন-সংশ্লিষ্ট দুটি স্থাপনায় আঘাত হেনেছে।
রাতভর বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ এবং বৃহস্পতিবার সকালেও শহরটির বাম তীর (লেফট ব্যাংক) এলাকায় বড় ধরনের আগুন জ্বলতে দেখা যায়, যেখান থেকে পরিষ্কার আকাশে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠছিল। এর আগে বুধবার গভীর রাতে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার সতর্কতা দিয়েছিলেন মেয়র ক্লিৎসকো।
মেয়র জানান, শহরটিকে বিভক্তকারী নিপার নদীর পূর্ব পাশে একটি শপিং সেন্টার ও অপর দুটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত সাতজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা রাতে কিয়েভের দুটি স্থাপনায় হামলা চালিয়েছে, একটি হলো ড্রোনের ওয়ারহেডের যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘খিমভোলোকনো’ এবং অপরটি ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতা ‘ফায়ার পয়েন্ট’-এর জন্য ড্রোন সংযোজন ও মজুতকারী ‘ওকলাইন’ পরিচালিত একটি স্থাপনা। তবে উভয় পক্ষের এসব বক্তব্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইউক্রেনের সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১১৩টি শাহেদ-ধাঁচের আক্রমণাত্মক ড্রোন ছুড়েছে, যার মধ্যে ৭৬টি ছিল জেট-চালিত। প্রাথমিক তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৮৭টি ড্রোন ভূপাতিত বা অকার্যকর করতে সক্ষম হয়েছে।
গত সেপ্টেম্বর থেকে রুশ বাহিনী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আগের মডেলগুলোর চেয়ে অনেক দ্রুতগতির নতুন প্রজন্মের জেট-চালিত ড্রোন ব্যবহার করে কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
এসব জেট-চালিত ড্রোন প্রতিরোধে ইউক্রেনের অন্যতম কার্যকর প্রতিরক্ষাব্যবস্থা হলো এফ-১৬ যুদ্ধবিমানের বহর; তবে অতিরিক্ত ব্যবহারের ফলে বিমানগুলোর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে। এ প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানের জন্য আনুমানিক ৬২ কোটি ১৯ লাখ ডলার ব্যয়ের একটি রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম প্যাকেজ অনুমোদনের কথা বুধবার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে অপর এক হামলায় তিনজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
তথ্যসূত্র: রয়টার্স