স্পেনের ভাগ্য নির্ধারণ করবে যে পাঁচটি বড় ইস্যু

রোববার সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন স্পেনের নাগরিকেরা। এই নির্বাচনে টানা আরেক মেয়াদে ক্ষমতায় থাকার লড়াইয়ে নেমেছেন বর্তমান সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যাঁর সামনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনেজ ফেইজো এবং অতি-ডানপন্থী ভক্স পার্টির নেতা সান্তিয়াগো আবাসকাল।

জনমত জরিপ অনুযায়ী, জোট গঠনের সমীকরণে এবার ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন আবাসকাল, যা ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর প্রথমবারের মতো স্পেনের জাতীয় সরকারে অতি-ডানপন্থীদের প্রবেশের পথ খুলে দিতে পারে।
স্পেনের প্রধানমন্ত্রী এবং স্প্যানিশ সোশ্যালিস্ট পার্টির (পিএসওই) নেতা ও প্রার্থী পেদ্রো সানচেজ কর্দোবায় একটি নির্বাচনী প্রচারণামূলক সমাবেশে অংশ নিচ্ছেন। ছবি: সংগৃহীত

২০১৮ সাল থেকে স্পেনের প্রগতিশীল সরকারের নেতৃত্ব দিচ্ছেন সোশ্যালিস্ট পার্টির ৫৪ বছর বয়সী নেতা পেদ্রো সানচেজ। ইউরোপের অন্যতম দীর্ঘমেয়াদি এই সরকারপ্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিশ্বজুড়ে প্রগতিশীল মহলে প্রশংসিত হয়েছেন।

উন্নত বিশ্বে অভিবাসনবিরোধী মনোভাব বাড়লেও তিনি উদার অভিবাসন নীতিতে অটল রয়েছেন এবং তাঁর আমলে ইউরোপের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে স্পেন সবচেয়ে দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৩ সালের আঞ্চলিক নির্বাচনে ভরাডুবির পর আগাম নির্বাচনের ডাক দিয়ে এবং অতি-ডানপন্থীদের ক্ষমতায় আসার ভীতিকে কাজে লাগিয়ে তিনি চমকপ্রদভাবে ক্ষমতায় টিকে গিয়েছিলেন। তবে এবার প্রশিক্ষিত এই অর্থনীতিবিদ নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন।
স্পেনের ডানপন্থী বিরোধী দল ‘পিপলস পার্টি’ (পিপি)-র নেতা আলবার্তো নুনেজ ফেইজো ভ্যালেন্সিয়ার বুলরিংয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণামূলক সমাবেশে এক সমর্থকের সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিচ্ছেন। ছবি: সংগৃহীত

তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ৬৫ বছর বয়সী আলবার্তো নুনেজ ফেইজো। সাবেক এই আমলা স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়া অঞ্চলে টানা ১৩ বছর শাসন করেছেন এবং নিজেকে একজন বিচক্ষণ, মধ্যপন্থী ও দুর্নীতিমুক্ত প্রশাসক হিসেবে তুলে ধরছেন। সানচেজের মতোই কট্টর ইউরোপীয় ইউনিয়নপন্থী ফেইজো ক্ষমতায় এলে সরকারি বিধিনিষেধ ও কর কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে ফেলার উদ্যোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ৫০ বছর বয়সী সান্তিয়াগো আবাসকাল ২০১৩ সালে পপুলার পার্টি ছেড়ে ভক্স পার্টি প্রতিষ্ঠা করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ভক্ত আবাসকাল ইসরাইলের কট্টর সমর্থক এবং নারীবাদী চিন্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুর তীব্র সমালোচক। স্পেনের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তিনি সরাসরি অভিবাসনকে দায়ী করেন এবং রক্ষণশীল ফেইজোর সম্ভাব্য সরকারের জুনিয়র অংশীদার হয়ে মন্ত্রিত্ব দাবি করার লক্ষ্যেই এবারের নির্বাচনে লড়ছেন।

৫০ বছর বয়সী সান্তিয়াগো আবাসকাল ২০১৩ সালে পপুলার পার্টি ছেড়ে ভক্স পার্টি প্রতিষ্ঠা করেন। ছবি: সংগৃহীত
নির্বাচনের ভাগ্য নির্ধারণী পাঁচটি প্রধান ইস্যু

১. আবাসন সংকট: মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক পেনশনভোগী নারীকে বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনায় স্পেনজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আবাসন ব্যয় নির্বাচনের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সামাজিক আবাসনের অভাব, পর্যটকদের জন্য ভাড়াবাড়ির আধিক্য ও বিনিয়োগ তহবিলগুলোর দৌরাত্ম্যে এই সংকট চরমে পৌঁছেছে। বিরোধী দলগুলো সংসদে সানচেজের আবাসন সংস্কার প্রস্তাব আটকে দেওয়ার পরই তিনি আগাম নির্বাচনের ডাক দেন।

২. ভয়াবহ রেল দুর্ঘটনা: চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও এ বছর দুটি প্রাণঘাতী ট্রেন সংঘর্ষ স্পেনকে নাড়িয়ে দিয়েছে। গত জানুয়ারিতে আন্দালুসিয়ায় এক দুর্ঘটনায় ৪৬ জন এবং গত মাসে মাদ্রিদের দক্ষিণে আরেকটি দুর্ঘটনায় ৬৯ জন নিহত হন। রেল নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনার মুখে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সানচেজের ঘনিষ্ঠ মিত্র পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করায় সরকার আরও চাপে পড়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ সোশ্যালিস্ট পার্টির (পিএসওই) নেতা পেদ্রো সানচেজ এবং বিরোধী পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনেজ ফেইহো (ডানে) ত্রেস কানতোসের টেলিভিশন একাডেমিতে সরাসরি সম্প্রচারিত নির্বাচনী বিতর্কের আগে করমর্দন করছেন। ছবি: সংগৃহীত

৩. অভিবাসন সংকট: গত জুলাইয়ের শেষ দিকে প্রতিবেশী মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী উত্তর আফ্রিকায় অবস্থিত স্প্যানিশ ভূখণ্ড সেউটায় প্রবেশ করলে মানবিক সংকট ও স্থানীয়দের বিক্ষোভ শুরু হয়। এ ছাড়া অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে ১৭ হাজারের বেশি অভিবাসী পৌঁছেছেন। ভক্স পার্টি এই আগমনকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে কঠোর অভিবাসন নীতির দাবি তুলছে।

৪. দুর্নীতির কেলেঙ্কারি: ২০১৮ সালে রাজনীতিকে কলুষমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন সানচেজের পরিবার ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাৎ ও প্রভাব খাটানোর অভিযোগে সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ বিচারের মুখোমুখি হয়েছেন এবং তাঁর সাবেক ঘনিষ্ঠ সহযোগী হোসে লুইস আবালোস দুর্নীতির দায়ে ২৪ বছরের কারাদণ্ড পেয়েছেন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও সানচেজের রাজনৈতিক গুরু হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধেও একটি এয়ারলাইন বেইলআউট সংক্রান্ত অনিয়মের তদন্ত চলছে।

৫. অতি-ডানপন্থী ভক্সের ক্রমবর্ধমান প্রভাব: জনমত জরিপে ফেইজোর পপুলার পার্টি এগিয়ে থাকলেও সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে তারা পিছিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে সরকার গঠনের চাবিকাঠি চলে যাবে আবাসকালের ভক্স পার্টির হাতে।

ফেইজো এককভাবে সরকার গঠনের আগ্রহের কথা বললেও ভক্সের সঙ্গে সমঝোতার পথ খোলা রেখেছেন। অন্যদিকে, ক্ষমতা ধরে রাখতে হলে সানচেজকে ক্ষুদ্র বামপন্থী দলগুলোর সঙ্গে নতুন করে জোট বাঁধতে হবে, যাদের জনসমর্থন জরিপে বেশ দুর্বল দেখাচ্ছে।

তথ্যসূত্র: এএফপি-ফার্স্টপোস্ট