রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে কৌশলগত অবকাঠামো ধ্বংসের পাল্টাপাল্টি লড়াই নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়ার ভেতরে অবস্থিত সেতুগুলোতে ইউক্রেনীয় হামলা বাড়ার পরপরই গত অক্টোবর ও নভেম্বর মাসে ইউক্রেনের সেতুগুলোতে রুশ হামলার সংখ্যা রেকর্ড পর্যায়ে দাঁড়িয়েছে।
সংঘাত পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’ (অ্যাকলেড)-এর তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা এএফপি এই চিত্র তুলে ধরেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে মস্কো যেমন ইউক্রেনের পরিবহন ও সরবরাহ পথ অচল করতে হামলা চালিয়ে আসছে, তেমনি পাল্টা জবাবে সম্মুখসারি, রুশ-অধিকৃত অঞ্চল এবং খোদ রাশিয়ার অভ্যন্তরে অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা তীব্র করেছে কিয়েভ।
অ্যাকলেডের রেকর্ড অনুযায়ী, চলতি বছরে কিয়েভের সেতুগুলোতে প্রায় ৪০টি রুশ ড্রোন হামলার তথ্য নথিভুক্ত হয়েছে, যার প্রায় অর্ধেকই ঘটেছে গত দুই মাসে।
যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনীয় রাজধানী এ ধরনের হামলা থেকে অনেকটাই মুক্ত ছিল; ২০২২ সালের অক্টোবরে দুটি পার্কের সংযোগকারী একটি কাচের সেতুতে হামলার পর ২০২৩, ২০২৪ কিংবা ২০২৫ সালে কিয়েভের কোনো সেতুতে হামলার তথ্য পাওয়া যায়নি।
কিন্তু এ বছর সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। কেবল ১৬ থেকে ২০ নভেম্বরের মধ্যেই ডিনিপার নদীর ওপর অবস্থিত তিনটি সেতু হামলার শিকার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখন সেতুগুলোতে অতিরিক্ত ড্রোন-প্রতিরোধী জাল যুক্ত করেছে।
ড্রোন যুদ্ধের ব্যাপক বিস্তার শনিবারের প্রাণহানি ও অবকাঠামো ক্ষয়ক্ষতির খবরেও স্পষ্ট হয়ে উঠেছে। এদিন ইউক্রেনজুড়ে বিভিন্ন হামলায় অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাতভর ১,২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর জানানো অন্যতম সর্বোচ্চ সংখ্যা।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিনে একটি শিল্প প্রতিষ্ঠানে রুশ হামলায় সাতজন নিহত এবং সাতজন আহত হয়েছেন; হামলার এক দিন পর শনিবার সেখানে উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এ ছাড়া রুশ-অধিকৃত দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন একটি হাসপাতালের গাড়িতে আঘাত হানলে দুজন নিহত ও দুজন আহত হন বলে জানিয়েছেন মস্কো-নিযুক্ত কর্মকর্তারা। রুশ-স্থাপিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভাসিলিভকা সেন্ট্রাল ডিস্ট্রিক্ট হাসপাতালের ওই গাড়িতে থাকা একজন নার্স ও চালক নিহত হয়েছেন এবং হাসপাতালের প্রধান চিকিৎসকসহ দুজন মাঝারি ধরনের আহত হয়েছেন।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাতভর ১,২৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও মোট কতটি ড্রোন ছোড়া হয়েছিল বা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, তা প্রকাশ করেনি।
দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, রাতভর সেখানে ৫০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে নভোশাখতিনস্ক শহরও রয়েছে, যেখানে একটি বড় তেল শোধনাগার অবস্থিত। গভর্নর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কথা না জানালেও রুশ ও ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, ড্রোন আঘাতে নভোশাখতিনস্ক তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে গেছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই শোধনাগারটি দক্ষিণ রাশিয়ায় পেট্রোলিয়াম পণ্যের অন্যতম প্রধান সরবরাহকারী এবং বুধবার রাতেও এটি হামলার শিকার হয়েছিল।
আরও পূর্বের সামারা অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন ‘শিল্প স্থাপনায়’ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন গভর্নর ভ্লাদিস্লাভ ফেদোরিশচেভ। কোনো হতাহত ছাড়াই হামলা প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করলেও এর আগে উভয় দেশের টেলিগ্রাম চ্যানেলগুলো জানায়, ড্রোনগুলো রাষ্ট্রীয় তেল কোম্পানি ট্রান্সনেফ্টের পরিচালিত ‘সামারা উৎপাদন ও প্রেরণ স্টেশনে’ আঘাত হেনেছে, যা চারটি তেল পাইপলাইনের সংযোগস্থল। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্থাপনাটিতে হামলা চালানো হলো।
তথ্যসূত্র: এএফপি-রয়টার্স-বিবিসি