সিরিয়ার অভ্যন্তরে ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইল অভিমুখে দামেস্কের হামলার জবাবেই এই হামলা বলে জানায় তারা।
বুধরার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বলেন, তারা সিরিয়ার অভ্যন্তরে ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইল অভিমুখে দামেস্কের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবেই তারা এই হামলা চালায়। খবর এএফপি’র।
এর আগে, আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গলবার ইসরাইলের দিকে তাক করে সিরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর জবাবে আইডিএফ যুদ্ধবিমান সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামো এবং মর্টার লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়।’
গত ৭ অক্টোবর থেকে হামাসের ঝটিকা হামলার জবাবে গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহসহ ইরাক ও সিরিয়ার বিভিন্ন ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীও ইসরাইল ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার জবাবে সেসব দেশেও প্রায়ই হামলা চালিয়ে আসছে ইসরাইল।