ফ্রান্সে ‘গেটএওয়ে কিং’ ফায়েদের ১৪ বছরের কারাদণ্ড

ফ্রান্সের একটি জেল থেকে বেরিয়ে হেলিকপ্টার ছিনতাই করে পালিয়ে যাওয়া ‘গেটএওয়ে কিং’ নামে খ্যাত রেডোইন ফায়েদকে বৃহস্পতিবার বিচারে আরও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে ফরাসি একটি আদালত।

সশস্ত্র ডাকাতির জন্য একাধিকবার দোষী সাব্যস্ত রেডোইন ফায়েদ ২০১৮ সালে প্যারিসের ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের রিয়াউ কারাগারে আটক ছিলেন। সেখান থেকে আরও কয়েকজন সহযোগীসহ পালিয়ে যান তিনি। খবর এএফপি’র।

৫১ বছর বয়সী ফায়েদ তিনমাস পলাতক থাকার পর গ্রেপ্তার হন এবং গত মাসে তার বিচার শুরু হয়। বৃহস্পতিবার একটি নীল সোয়েটার পরা ফায়েদ ১১ জন আসামিসহ অ্যাসাইজ কোর্টে পৌঁছলে সেখানে শতাধিক মানুষ ভিড় জমায়। এসময় ফায়েদ তার সাথে থাকা আসামীদের সাথে কৌতুকরত ছিলেন। আসামিদের মধ্যে তার ৬৫ বছর বয়সী ভাই রাচিদকে ফায়েদ চুমু দিয়ে অভ্যর্থনা জানায়।

বিচারকের দেয়া ১৪ বছরের সাজাকে প্রসিকিউটররা ২২ বছর করার জন্য অনুরোধ জানান। ডাকাতির অভিযোগে পাওয়া দণ্ডে জেল মওকুফের কারণে তার পূর্বের সাজা ২০৪৬ সাল পর্যন্ত নেমে আসে। তবে তাকে এখন ২০৬০ সাল পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে।

হাস্যরসের মাধ্যমে মানুষের মন জয় করার কারণে প্রসিকিউটররা ফায়েদকে একজন ‘ক্রুক’ হিসেবে অভিহিত করেন। জুরি সদস্যরা যাতে তার কাছে বোকা না হন সেজন্য তারা তাদের সতর্ক করেন।

ফায়েদ ২০১০ সালের একটি ছিনতাইয়ের ঘটনায় ২৫ বছরের মেয়াদে কারাভোগ করেন। ওই ঘটনায় একজন নারী পুলিশ সদস্য নিহত হন। তবে ফায়েদের দাবি, ওই মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল।