সপ্তাহে তিন দিন ছুটির যুগে সৌদি আরব

কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় খবর আসে জাপান সরকার দেশটিতে সপ্তাহে চার দিন কর্মদিবস ও তিন দিন ছুটি চালুর কথা ভাবছে। তবে, জাপানের আগেই সৌদি আরব সপ্তাহে তিন দিন ছুটি চালু করেছে। যদিও দেশটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে তা চালু হয়েছে।

দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করছে সৌদি আরব। রাজধানী রিয়াদভিত্তিক প্রতিষ্ঠান লুসিডিয়া কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রথম কোনো কোম্পানি হিসেবে এটি করতে যাচ্ছে লুসিডিয়া। উৎপাদনশীলতা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে।

এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজম্যান্ট প্ল্যাটফর্ম লুসিডিয়ার কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন অফিস করবেন আর তিন দিন ছুটি কাটাবেন।

লুসিডিয়ার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। সপ্তাহে তিন দিনের ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের ওপর কেমন প্রভাব ফেলবে, তা দেখতে অপেক্ষায় অনেকেই।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো অবশ্য বলছে, লুসিডিয়ার এমন সিদ্ধান্ত সৌদি আরবে নতুন নজির স্থাপন করবে। তাদের এ উদ্যোগে অনেকে রোমাঞ্চিত। এই নতুন সিদ্ধান্তের ফলে কর্মীদের ওপর এর প্রভাব এবং তাদের কর্মক্ষমতা কেমন হবে তার ফলাফল জানতে উদগ্রীব অনেকেই।

সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড. খালিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়ে বলেছেন, জি-২০ জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়। যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতেও এটি করা যায় তাহলে এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে।

২০২০ সালে জাপনের এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ ইনক কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়া শুরু করে।