প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আবারও সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছেন, তখন হোয়াইট হাউস বুধবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসাটাই হবে ইরানের জন্য বুদ্ধিমানের কাজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ইরানে হামলার পক্ষে অনেক যুক্তি ও কারণ দেখানো যেতে পারে। তবে ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির পক্ষেই বেশি আগ্রহী।
সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্পকে তাঁর শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালাতে সক্ষম। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধি অব্যাহত থাকলেও প্রেসিডেন্ট এখনো হামলার চূড়ান্ত অনুমোদন দেননি। তবে, পেন্টাগন সম্ভাব্য ইরানি পাল্টা আঘাতের প্রস্তুতির অংশ হিসেবে কিছু কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভার আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করলেও, এক মার্কিন কর্মকর্তা এই আলোচনাকে অর্থহীন বলে অভিহিত করেছেন। প্রেস সেক্রেটারি লেভিটও আলোচনার বিষয়ে খুব একটা সন্তোষ প্রকাশ করেননি। তিনি জানান, সামান্য অগ্রগতি হলেও অনেক বিষয়ে দুই পক্ষ এখনো অনেক দূরে অবস্থান করছে। দুই সপ্তাহের মধ্যে ইরানকে একটি প্রস্তাব নিয়ে আসার কথা বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ১৯৮৮ সালের পর ইরান এখন সবচেয়ে বড় সামরিক হুমকির সম্মুখীন। ইরানও তার পরমাণু স্থাপনা রক্ষা এবং নেতৃত্বকে সুরক্ষিত রাখতে উচ্চ সতর্কতায় রয়েছে। একই সঙ্গে তেহরান হিজবুল্লাহকে যুদ্ধে যোগ দেয়ার জন্য চাপ দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে ইসরাইল হুঁশিয়ারি দিয়েছে যে, হিজবুল্লাহ হস্তক্ষেপ করলে এবার তাদের ওপর আঘাত হবে অত্যন্ত বেদনাদায়ক।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ওমান উপসাগরে রাশিয়ার সঙ্গে সেনা মহড়া চালাবে তেহরান। তার আগে সম্ভাব্য মার্কিন হানার আশঙ্কায় পরমাণুকেন্দ্রগুলোকে সুরক্ষিত করার ব্যবস্থায় তৎপর হয়েছে ইরান। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, বাঙ্কার দিয়ে ঘিরে ফেলা হচ্ছে পরমাণুকেন্দ্রগুলোকে। ইরানের দুই পরমাণুকেন্দ্র নাতাঞ্জ এবং ইশফাহানে ঢোকার সুড়ঙ্গপথকে ইতিমধ্যেই পাথর এবং কংক্রিট দিয়ে বুজিয়ে ফেলা হয়েছে বলে দাবি।
মঙ্গলবার রাত থেকে এই অঞ্চলে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই উপলক্ষে এক বার্তায় ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইরানি জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি প্রার্থনা করেন যেন এই ‘সন্ত্রাসের রাজত্বের’ অবসান ঘটে এবং মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা হয়।