ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়া্তুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অভিষেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাধর নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে পাঠানো এক বার্তায় পুতিন নতুন নেতার প্রতি রাশিয়ার ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তেহরানের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন।
প্রেসিডেন্ট পুতিন তার বার্তায় আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, মোজতবা খামেনি তার প্রয়াত পিতার কাজ সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন। তিনি উল্লেখ করেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, তখন এই উচ্চ পদে আসীন হওয়া অত্যন্ত সাহস ও নিষ্ঠার দাবি রাখে।
ইরানি জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে পুতিন বলেন, আমি তেহরানের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সাথে সংহতির বিষয়টি পুনরায় নিশ্চিত করছি।
আগে কোনো আনুষ্ঠানিক সরকারি পদে না থাকলেও মোজতবা খামেনি দীর্ঘকাল ধরেই উত্তরাধিকারী হিসেবে সবচেয়ে শক্তিশালী দাবিদার ছিলেন। আলিরেজা আরাফি, কট্টরপন্থী মহসেন আরাকি এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নাতি হাসান খোমেনির মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিশেষজ্ঞ পরিষদের বিপুল ভোটে তিনি নির্বাচিত হন।
পুতিনের এই প্রকাশ্য বার্তার পাশাপাশি রণক্ষেত্রে রাশিয়ার সক্রিয় সহযোগিতার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ইরানকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ, বিমান এবং অন্যান্য সামরিক সম্পদের নিখুঁত অবস্থান সরবরাহ করছে।
রাশিয়ার দেয়া এই গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর নির্ভুলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের অভিনন্দন এবং নেপথ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান প্রমাণ করে যে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও ইরানের সামরিক মৈত্রী এখন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবির মুখে পুতিনের এই সমর্থন মুজতবা খামেনেইর হাতকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- উভয় ক্ষেত্রেই শক্তিশালী করবে।
মস্কো ও তেহরানের এই ‘অক্ষশক্তি’ শুধু মার্কিন আগ্রাসন মোকাবিলাই নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া