মার্কিন সেনা ধরলেই দ্বিগুণ অর্থ পাবেন ইরানি নারীরা!

ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার প্রবেশকারী কোনো মার্কিন সৈন্যকে হত্যা বা বন্দি করতে পারলে দেওয়া হবে বিশাল আর্থিক পুরস্কার। বিশেষ করে কোনো নারী এই কাজ সম্পন্ন করলে তাঁকে দ্বিগুণ অর্থ দেওয়া হবে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া জানান, সম্ভাব্য মার্কিন স্থল আক্রমণের ক্ষেত্রে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কোনো সদস্য কিংবা বৈধ শিকারি আগ্নেয়াস্ত্রের মালিক কোনো সাধারণ নাগরিক যদি হামলাকারী মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারেন, তবে তাঁকে ৫ বিলিয়ন তোমান (যা আনুমানিক ৩০,০০০ মার্কিন ডলারের সমপরিমাণ) নগদ পুরস্কার দেওয়া হবে।

Iran War 03
মুখপাত্র আরও নিশ্চিত করেন, এই কাজ যদি কোনো বীর ইরানি নারী সম্পাদন করেন, তবে তিনি ১০ বিলিয়ন তোমান অর্থাৎ দ্বিগুণ পুরস্কার পাবেন। এর পাশাপাশি, অভিযানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাজারদরের দ্বিগুণ দামে কিনে নেবে সেনাবাহিনী।

অস্ত্রটির মূল মালিকের নাম খোদাই করে সেটি সামরিক জাদুঘরে ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে এবং সেনাদল সেই নাগরিককে একটি বিকল্প সমমানের আগ্নেয়াস্ত্র উপহার হিসেবে দেবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে নতুন করে সামরিক আগ্রাসন চালায়। ওই হামলায় ইরানের ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তারা শহীদ হন এবং হাজার হাজার সাধারণ বেসামরিক নাগরিক প্রাণ হারান।

Iran War 01
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরাইল-অধ্যুষিত ভূখণ্ডে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে কঠিন পাল্টা জবাব দেয়। ফলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয় মার্কিন-ইসরায়েলি জোট।

পরবর্তীতে গত ১৭ জুন সংঘাত নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৬০ দিনের একটি রাজনৈতিক সমঝোতা স্মারকে  স্বাক্ষর করেছিলেন। কিন্তু ওয়াশিংটন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করায় উত্তেজনা পুনরায় বৃদ্ধি পায়।

যুদ্ধ চলাকালীন বন্ধ হওয়া সমুদ্রসীমার কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথটি ইরান এখনও পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের ঘোষিত শর্ত ও দাবিগুলো মার্কিন প্রশাসন পুরোপুরি না মানা পর্যন্ত হরমুজ প্রণালী কোনোভাবেই পুনরায় উন্মুক্ত করা হবে না।

তথ্যসূত্র: প্রেস টিভি