মার্কিন জ্বালানি ক্ষেত্রে পাল্টা আঘাত হানবে ইরান!

ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানি এবং তাদের সামরিক-বেসামরিক সুবিধাগুলো একইভাবে ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে তিনি সোমবার সতর্ক করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় গালিবাফ পারস্য উপসাগর অঞ্চলে তেল-গ্যাস উৎপাদন প্রক্রিয়ার নাজুকতার কথা তুলে ধরেন। মার্কিন প্রতিরক্ষা নীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের রাষ্ট্রীয় বা জ্বালানি সম্পদে কোনো আঘাত হানে, তবে তার চড়া মূল্য দিতে হবে।

বার্তায় কড়া সুর চড়িয়ে গালিবাফ লেখেন, হিসাবটা খুবই সহজ, এখানকার তেল ও গ্যাস উৎপাদন শিকল অত্যন্ত বিস্তৃত, সহজে পৌঁছানো সম্ভব এবং যে কোনো আক্রমণের সামনে উন্মুক্ত। এই একই জলসীমা ও অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানি এবং তাদের স্থাপনাগুলোর ঝুঁকিও ঠিক একই রকম। আমাদের সম্পদে আঘাত করুন, আর আপনারা নিজেরাও পাল্টা আঘাতের মুখোমুখি হন।

যুক্তরাষ্ট্রকে ইরানের অতীত সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, আমরা যে এটা করতে সক্ষম, তা ইতোমধ্যেই প্রমাণ করেছি। সেই মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে গিয়ে জিজ্ঞেস করুন, যেগুলো আমাদের হামলার পর আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই।

গালিবাফের এই কঠোর বার্তা আসে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথের দেয়া সাম্প্রতিক এক হুমকির জবাবে। মার্কিন প্রশাসন থেকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে, ইরান যদি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজে আক্রমণ চালায়, তবে ওয়াশিংটন ইরানের সব তেল ট্যাঙ্কার ধ্বংস ও ডুবিয়ে দেবে।

হেগসেথ দাবি করেন যে, ইরানের ট্যাঙ্কার বহরটি সম্পূর্ণ রক্ষাহীন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড ও ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতাধীন মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন যেকোনো মুহূর্তে এই নৌযানগুলোতে আঘাত হানতে প্রস্তুত।

মার্কিন প্রশাসনের সেই প্ররোচনামূলক বক্তব্যের জবাবেই এবার ইরানের পার্লামেন্ট স্পিকার স্পষ্ট জানিয়ে দিলেন যে, মার্কিন হামলা শুধু ইরানের একতরফা ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং মধ্যপ্রাচ্যে অবস্থানরত পুরো মার্কিন জ্বালানি খাত ও তাদের সহযোগীদের ওপরও এর ভয়াবহ প্রভাব পড়বে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ