সৌদি আরবের অনুরোধেই ওমানে নির্ধারিত উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইরান। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে সৌদি তেলের পাইপলাইনে সাম্প্রতিক হামলার সাথে ইরানের জড়িত থাকার দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন তিনি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা- ইরনা’র বরাতে ইসমাঈল বাঘাই বলেন, সৌদি আরব আপাতত বৈঠকটি না করার যে অনুরোধ জানিয়েছিল, সেই সংক্রান্ত প্রতিবেদনটি সঠিক।
তিনি জানান, ওমানের সালালাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রাখার বিষয়ে ইরান ও ওমানের কয়েক সপ্তাহের আলোচনার পর অর্জিত একটি দ্বিপাক্ষিক সমঝোতা উপস্থাপনের কথা ছিল। বৈঠক বাতিল হলেও দুই দেশের এই সমঝোতা চূড়ান্ত হয়েছে এবং ওমানের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত রবিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ঘোষণা করেছিলেন, আঞ্চলিক সর্বসম্মত ঐকমত্যের স্বার্থেই সোমবারের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
সৌদি আরবের তেল পাইপলাইনে ইরাকি ভূখণ্ড থেকে হামলায় ইরানি মদদের যে মার্কিন অভিযোগ উঠেছে, তা শুধুই সংবাদমাধ্যমের জল্পনা ও আঞ্চলিক বিভেদ তৈরির মার্কিন চেষ্টা বলে উড়িয়ে দেন বাঘাই। তিনি দাবি করেন, ইয়েমেনের সংকটের মূল কারণ অনেক পুরোনো।
এছাড়া হেনগাম দ্বীপের কাছে একটি ইরানি জাহাজে মার্কিন আক্রমণের ফলে এক ইরানি নাগরিকের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে সার্বিক নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন।
যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন আটকের খবর প্রসঙ্গে বাকাই জানান, সাবমেরিনটি জব্দ করা হয়নি, বরং এটিকে ‘যুদ্ধের গনিমত’ হিসেবে গ্রহণ করা হয়েছে, যা আন্তর্জাতিক নিয়মে সম্পূর্ণ বৈধ। অন্যদিকে কুহ-ই কোলং পর্বত এলাকায় নতুন পারমাণবিক কার্যক্রমের খবরও তিনি অস্বীকার করে জানান, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতি তার সব দায়িত্ব পালন করে চলেছে।
তিনি স্পষ্ট করেন, ওমানের সমঝোতা স্বত্ত্বেও আমেরিকা যতক্ষণ না পর্যন্ত তাদের অবৈধ সামরিক অবরোধ ও অর্থনৈতিক চাপ সৃষ্টি বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত ইরানও উপযুক্ত জবাব দিয়ে যাবে। আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে চীনের মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানালেও তুর্কি ও ইরানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি