মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঙ্কার

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক ধ্বংসের হুমকি দিয়েছেন, যার জবাবে কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

কয়েক মাস ধরে চলা এই সামরিক অচলাবস্থা ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র করে তুলেছে এবং ইরানের অর্থনীতিকে ধসের মুখে ঠেলে দিয়েছে। ফক্স নিউজের সাথে ফোনালাপে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, চুক্তি না করলে ইরানকে মারাত্মক পরিণাম ভোগ করতে হবে।

তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে পৌঁছাতে যাওয়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে আলোচনার বসার ব্যাপারেও ট্রাম্প নিজের আগ্রহ ব্যক্ত করেছেন।

Iran War 01

অন্যদিকে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের নতুন সামরিক পদক্ষেপের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অবিরাম এবং কঠোর পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের সেন্ট্রাল মিলিটারি কমান্ড। একই সাথে ট্রাম্প প্রশাসনের আঞ্চলিক সহযোগী দেশগুলোকেও এই সংঘাতের অংশীদার হিসেবে গণ্য করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

ইরানি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কাছে মার্কিন আক্রমণের সুস্পষ্ট প্রস্তুতি সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু প্রকাশ করেনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।

Iran War 02
সংঘাতের পারদ আরও বাড়িয়ে দিয়ে শনিবার গভীর রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সম্প্রতি ইয়েমেনের গৃহযুদ্ধে আকস্মিক সামরিক সুবিধা অর্জনের পর তারা রিয়াদকে লক্ষ্য করে এই জোরালো হামলা চালায়।

রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রকাণ্ড কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। এই হামলার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। অপ্রত্যাশিত সামরিক সংঘাত বৃদ্ধি, বিমান ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

তথ্যসূত্র: রয়টার্স