কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি আধুনিক 'এমকিউএম-১৭০' গোয়েন্দা ও বিভ্রান্তি সৃষ্টিকারী ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে আনার দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সাইবার ও ইলেকট্রনিক চালের মাধ্যমে মার্কিন ড্রোনটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে এটিকে মাটিতে অবতরণ করানো হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ শাখা জানায়, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের যোদ্ধারা একটি সফল আক্রমণাত্মক অভিযান পরিচালনা করে। আকাশসীমায় ড্রোনটিকে শনাক্ত করার পরপরই এর গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ইরানি ইউনিট এবং সেটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই অক্ষত অবস্থায় অবতরণ করাতে সক্ষম হয়।
বিবৃতিতে বলা হয়, উদ্ধার করা ড্রোনটির মূল মিশন ছিল পারস্য উপসাগরীয় উপকূল এবং হরমুজ প্রণালী বরাবর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর অবস্থান ও তথ্য শনাক্ত করা। উদ্ধার করা ড্যাটা ও তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ড্রোনটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় কোনো এক উপকূলীয় দেশ থেকে উড্ডয়ন করেছিল।
এর আগে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স মার্কিন সামরিক বাহিনীর আরেকটি অত্যাধুনিক 'এমকিউ-১' ড্রোন হরমুজ প্রণালীর ওপরেই ইন্টারসেপ্ট করে ধ্বংস করার কথা জানিয়েছিল। ইরানের ইন্টিগ্রেটেড এয়ার-ডিফেন্স নেটওয়ার্কের আওতায় থাকা একটি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ভূপাতিত করা হয়।
বিশ্বের অন্যতম শীর্ষ কৌশলগত সামুদ্রিক পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনার আবহেই মার্কিন ড্রোনটি জব্দ করার ঘটনা ঘটল। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে হলে আগে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ করে নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে হবে।
মার্কিন ড্রোন বা সামরিক সরঞ্জাম জব্দ বা ভূপাতিত করার ঘটনা ইরানের জন্য নতুন নয়। গত এক দশকে ইরানি বাহিনী বেশ কয়েকটি হাই-ভ্যালু মার্কিন সামরিক ড্রোন ও সরঞ্জাম সফলভাবে ভূপাতিত বা জব্দ করেছে। এর মধ্যে ২০১১ সালে বিখ্যাত ‘আরকিউ-১৭০ সেন্টিনেল’ স্টিলথ ড্রোন অক্ষত অবস্থায় নামিয়ে আনা, পরবর্তীতে ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ধ্বংস করা এবং পারস্য উপসাগরে বিভিন্ন মার্কিন আনম্যানড আন্ডারওয়াটার গ্লাইডার ও সারফেস ভেসেল জব্দের ঘটনা উল্লেখযোগ্য।
তথ্যসূত্র: প্রেস টিভি