পুলিশ ফাঁড়িতে হামলায় এক বেলুচকে ফাঁসিতে ঝুলালো ইরান

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হওয়ার ঘটনায় এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানা গেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও জঙ্গি হামলার অভিযোগ আনা হয়েছিলো।

আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ আরেফ শাহবাখশ। ইরানের আধাসরকারি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি সুন্নি সশস্ত্র গোষ্ঠী ‘জইশ আল-আদল’-এর সদস্য ছিলেন।

সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ এলাকার কালাহ বিদ পুলিশ স্টেশনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার (মোহারেবেহ) অভিযোগ আনা হয়েছিল। তবে ওই হামলাটি ঠিক কবে ঘটেছিল কিংবা হামলায় ঠিক কতজন পুলিশ সদস্য হতাহত হয়েছেন, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে কট্টরপন্থী গোষ্ঠী ‘জইশ আল-আদল’। এর আগেও গোষ্ঠীটি ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স