যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ মোকাবিলায় ইরান তার হাতে থাকা সম্ভাব্য সব উপায় ও কৌশল ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই কঠোর অবস্থানের কথা জানান।
ইরান-সংশ্লিষ্ট তেল রপ্তানি লক্ষ্য করে চলতি বছরের ১৩ এপ্রিল প্রথম এই নৌ অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতা চুক্তি হওয়ার পর জুন মাসে ওই অবরোধ তুলে নেওয়া হয়। তবে সমঝোতা চুক্তিটি ভেস্তে যাওয়ার পর গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্র পুনরায় ইরানের তেল রপ্তানির ওপর নৌ অবরোধ বহাল করে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি বাণিজ্য ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থার মধ্যে তেহরানের পক্ষ থেকে নতুন করে দেওয়া এই হুঁশিয়ারি উপসাগরীয় অঞ্চলে নৌ-নিরাপত্তা ও বৈশ্বিক তেলের বাজারে নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
তথ্যসূত্র: রয়টার্স