চলতি বছরেই ইসরাইলে মার্কিন সহায়তা বন্ধ হওয়া নিয়ে সংশয়

চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

গত ৩ নভেম্বর ভোটাররা যখন ভোটকেন্দ্রে যাচ্ছিলেন, ঠিক তখনই এক আকস্মিক ঘোষণায় ট্রাম্প জানান, কয়েক মাস আগেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ইসরাইলকে প্রায় ৪০০ কোটি ডলারের বার্ষিক মার্কিন অর্থায়ন বন্ধ করার বিষয়ে একটি চুক্তি করেছেন।

ট্রাম্প দাবি করেছিলেন, ইসরাইলের আর মার্কিন তহবিলের প্রয়োজন নেই এবং তাঁর বামপন্থী সমালোচকেরা বিষয়টিকে ‘নেতিবাচক প্রচারণার হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছেন। ওই দিনের নির্বাচনে রিপাবলিকানদের হটিয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা, যাঁদের অনেকেই প্রকাশ্যে ইসরায়েলকে সামরিক অর্থায়ন করার বিরোধী।

ট্রাম্প অর্থায়ন বন্ধের কোনো বিস্তারিত রূপরেখা বা প্রক্রিয়া ব্যাখ্যা করেননি। উল্লেখ্য, আমেরিকার তৈরি সামরিক সরঞ্জাম কেনার জন্য ২০২৮ সাল পর্যন্ত ইসরায়েলকে প্রতি বছর ৩৮০ কোটি ডলার দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, যা সমঝোতা স্মারক হিসাবেই পরিচিত।

মঙ্গলবার তেল আবিবে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক বিষয়ক এক সম্মেলনে প্রদর্শিত আগে থেকে ধারণকৃত সাক্ষাৎকারে হাকাবি বলেন, এই সমঝোতা স্মারকটি আরও দুই বছর চলার কথা রয়েছে; তাই চলতি বছরের শেষ নাগাদ হুট করে এই সহায়তা বন্ধ হয়ে যাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আরকানসাসের সাবেক রিপাবলিকান গভর্নর হাকাবি আরও উল্লেখ করেন, এই তহবিল কংগ্রেসের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া তা বন্ধ করা সম্ভব কি না, সে বিষয়েও তিনি সন্দিহান।

গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড এবং চলতি বছর নেতানিয়াহুর সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের শুরু করা অজনপ্রিয় যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমেছে, বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে, এমনকি রিপাবলিকানদের একাংশের মধ্যেও। হাকাবি জানান, মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা কয়েক মাস ধরে নতুন একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছিলেন; তবে সামরিক সহায়তা বন্ধের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর সেই আলোচনা অব্যাহত রয়েছে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

এদিকে গত ২৭ অক্টোবরের নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত নেতানিয়াহুও প্রকাশ্যে মার্কিন সামরিক সহায়তা ধাপে ধাপে কমিয়ে আনার কথা বলেছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে ঘিরে ক্রমবর্ধমান সমালোচনা আগেভাগে সামাল দিতেই নেতানিয়াহু এমন অবস্থান নিয়েছেন।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্ককে বড় করে তুলে ধরা নেতানিয়াহুর দেশ ইসরায়েলে ডেমোক্র্যাটদের এই বিশাল জয় উদ্বেগের জন্ম দিয়েছে। তবে ইসরাইলের কট্টর সমর্থক ও ইভানজেলিক্যাল খ্রিস্টান হাকাবি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে কোনো ‘নাটকীয় ও বড় ধরনের পটপরিবর্তন’ ঘটবে না; কারণ এই অংশীদারিত্ব উভয় দেশের নাগরিকদের জন্যই কল্যাণকর।

তথ্যসূত্র: রয়টার্স