শান রাজ্যে জান্তার বিমান হামলায় নিহত ১১

মিয়ানমারের চীনা সীমান্তের কাছে জাতিগত সশস্ত্র বাহিনীর দখল করা উত্তরাঞ্চলীয় প্রদেশ শান রাজ্যের একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) শিবিরে ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় ১১ জন নিহত ও অন্তত আরও ১১ জন আহত হয়েছেন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।

শুক্রবার রাত আনুমানিক একটার দিকে নামখাম শহরের দুই এলাকায় এই বিমান হামলার ঘটনা ঘটে বলে শান প্রদেশে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র এলওয়ে ইয়ে উ’ জানান। খবর এএফপি’র।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার ভোরে একাধিক বিমান হামলা চালানো হয়েছে। পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এসব হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।

টিএনএলএ জানিয়েছে, উত্তর শান রাজ্যের মুক্ত শহরগুলোতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে ভারী বোমা ফেলে যুদ্ধাপরাধ করছে জান্তা বাহিনী। শুক্রবার রাত দেড়টায় নামখাম শহরে চীনা সীমান্তের কাছে জান্তার বাহিনীর যুদ্ধবিমান থেকে ৫০০ পাউন্ডের দুইটি বোমা ফেলা হয়েছে।

চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র ৫ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।

গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অন্যতম টিএনএলএ। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে তারাই নিয়ন্ত্রণ করছে।