আবারও দিল্লির রাজপথে ফিরছে ককরোচরা

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর গত ২৫ জুলাই আন্দোলন থামলেও, মোদী সরকার দেয়া প্রতিশ্রুতি পালন করেনি, এই অভিযোগ তুলে আগামী পাঁচ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে এক বিশাল শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছে সংগঠনটি।

CJP 02
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শুরু হয়ে পরবর্তীতে রাজনৈতিক সক্রিয়তায় রূপ নেয়া এই সংগঠনটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পাঁচ সেপ্টেম্বর তাদের এই পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে শেষ হবে দিল্লি পুলিশ সদর দপ্তরে। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের পর মানসিক চাপে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবার এবং পুলিশের লাঠিচার্জের শিকার হওয়া আহত ছাত্ররা এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেবেন।

ককরোচ জনতা পার্টির জাতীয় কার্যকারী কমিটি এক জরুরি বৈঠক শেষে জানায়, কেন্দ্র সরকার এবং বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলো তরুণ সমাজের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকার আইনি জটিলতার অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছে এবং আন্দোলন স্থগিতের মূল চুক্তিগুলো বাস্তবায়নে টালবাহানা করছে।

cjp
উল্লেখ্য, গত মাসে দিল্লির যন্তর মন্তরে নিট শিক্ষার্থীদের সমর্থনে সিজেপি’র টানা আন্দোলনের মুখেই পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও সংগঠনের মূল দাবিগুলোর মধ্যে ছিল-

  • প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।
  • আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব ধরনের আইনি মামলা ও এফআইআর প্রত্যাহার করা।
  • আন্দোলনকারীদের ওপর পুলিশি নিপীড়নের বিরুদ্ধে স্থায়ী সরকারি নিশ্চয়তা প্রদান।

cjp 2
সংগঠনটি আরও দাবি করেছে, সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু হওয়া সব এফআইআর’র তালিকা চেয়ে নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন্দ্র সরকার তা জমা দেয়নি। সরকার লিখিত অঙ্গীকারনামা দিতে গড়িমসি করায় বাধ্য হয়ে তারা আবার রাজপথে নামছে।

শিক্ষার্থী, যুব সংগঠন এবং তরুণদের বিশাল সংখ্যায় ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ডাকা এই পদযাত্রাকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি