ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ স্পষ্ট জানিয়েছেন, পবিত্র এই নগরী সুরক্ষায় চুক্তির অংশীদার হিসেবে নিজেদের অর্পিত দায়িত্ব পালনে পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত এবং বর্তমান পরিস্থিতিতে এই চুক্তি সক্রিয় করার উপযুক্ত সময় এসে গেছে।
গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন মক্কার দিকে ধেয়ে আসলে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী আকাশপথেই সেটিকে সফলভাবে ধ্বংস করে দেয়। এই ঘটনার পরই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে। রিয়াদ সরাসরি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনীকে এই হামলার জন্য দায়ী করলেও, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তাদের একমাত্র লক্ষ্যবস্তু সৌদি আরবের অর্থনৈতিক ও সামরিক স্থাপনাগুলো, আর কোনো পবিত্র বা ধর্মীয় স্থান তাদের আক্রমণের তালিকায় কখনই ছিল না।
তবে হুথিদের এই সাফাই মানতে নারাজ ইসলামাবাদ। হুতিদের উদ্দেশ্যে চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পরবর্তীতে যদি পুনরায় মক্কায় হামলার কোনো অপচেষ্টা চালানো হয়, তবে পাকিস্তান কোনো আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। কারণ, মুসলিম উম্মাহর পবিত্র ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা দেওয়াকে পাকিস্তান নিজের অন্যতম প্রধান ও পবিত্র দায়িত্ব বলে মনে করে। মক্কা চুক্তির আওতায় পাকিস্তানের এই কঠোর অবস্থান আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।