পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইমরানের মুক্তির দাবিতে সোচ্চার থাকা তাঁর তিন বোন- আলিমা খান, ড. উজমা খান এবং নোরিন খানকে গ্রেপ্তার করে লাহোরের কোট লখপত জেলে পাঠানো হয়েছে।
দলটির মুখপাত্র জুলফি বুখারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করে জানান, পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে বাকি দুই বোন, তাঁর ভাগ্নে ও তাদের সন্তানদেরও ধরে নিয়ে যায়। তবে পিটিআইয়ের তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম জানিয়েছেন, শিশুদের হেফাজতে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তিন বোনকে লাহোরের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে, যেখানে রোববার আলিমা খানকে এবং সোমবার ড. উজমা ও নোরিন খানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী এজাজের জারি করা জনশৃঙ্খলা রক্ষা আইন বা মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও)-এর অধীনে পৃথক দুটি আদেশে তাদের ৩০ দিনের বিনাশ্রম আটকাদেশ দেওয়া হয়েছে।
এই ঘটনার বিষয়ে এখনও পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানানো না হলেও ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পিটিআইয়ের এই বিক্ষোভের আহ্বানকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে কোনো অবস্থাতেই সড়ক অবরোধ করতে দেওয়া হবে না এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে দেবে না প্রশাসন।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পিটিআই প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী আছেন এবং দুর্নীতি মামলায় স্ত্রীসহ তাঁকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যা তিনি ও তাঁর দল রাজনৈতিক প্রতিহিংসামূলক হিসেবে দাবি করে আসছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা ইমরান খান তৎকালীন বিরোধী দলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন, যা মূলত দেশটির শক্তিশালী সামরিক নেতৃত্বের সঙ্গে তাঁর সরকারের টানাপোড়েনের পথ ধরে ঘটেছিল।
তথ্যসূত্র: এএফপি ও এনডিটিভি