ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে রাজপথের তীব্র প্রতিবাদের ঠিক পরদিনই বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষনেতা, স্বতন্ত্র বিরোধী সংসদ সদস্য এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিজের দিল্লির বাসভবনে চা-চক্রের আমন্ত্রণে ডেকে পাঠিয়েছেন কংগ্রেসের এই শীর্ষনেতা।
মঙ্গলবার দিল্লির ৫ সুনহরি বাগ রোডে অবস্থিত রাহুল গান্ধীর বাসভবনে এই চ-চক্র বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত এবং ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বজায় রাখতে এবং আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দিতেই এই হাইভোল্টেজ বৈঠকের আয়োজন করা হয়।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় রাহুল গান্ধী প্রকাশ্যেই ঘোষণা দেন, গণতন্ত্র রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করতে তারা শুধু বিরোধী জোটের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না; বরং ছাত্র সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে একযোগে ময়দানে নামবেন। তিনি লেখেন, আজ আমি ইন্ডিয়া জোটের শীর্ষনেতা, বিরোধী সাংসদ, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমার বাড়িতে চায়ের আমন্ত্রণ জানিয়েছি। গণতন্ত্র রক্ষার এই গণআন্দোলনে আমরা সবাই একসঙ্গে আছি এবং এই আন্দোলন নিরবচ্ছিন্নভাবে চলবে। নিজের বার্তা স্পষ্ট করে হ্যাশট্যাগ দিয়ে তিনি যুক্ত করেন, ‘সব প্রতিবাদই এক’।
উল্লেখ্য, এর আগের দিনই রাজধানী দিল্লিতে বিরোধীরা বিশাল ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা গণতন্ত্র যাত্রার আয়োজন করেছিল। সুপ্রিম কোর্ট অভিমুখে আয়োজিত সেই ঐতিহাসিক মিছিলে রাহুল গান্ধীর সাথে পা মিলিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিআইয়ের ডি রাজা, সিপিআইএমের এম এ বেবি এবং এনসিপির সুপ্রিয়া সুলে।
ইতোমধ্যেই রাহুল গান্ধী এবং বিরোধী দলগুলোর যৌথ পিটিশনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের বিবাদী পক্ষভুক্ত করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে। তাদের স্পষ্ট দাবি, ভোটার তালিকার বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া পুনর্বিবেচনা করা, নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে আনা পরিবর্তন প্রত্যাহার করা এবং পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ অডিট পরিচালনা করা। রাজপথের আন্দোলনের পর এবার রাহুল গান্ধীর চা-চক্রে বিরোধী ঐক্যের এই চাঞ্চল্যকর ছবি দিল্লির মসনদে নতুন করে কম্পন সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: এনডিটিভি