শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মুখ খুললো ভারত

ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিতে একটি আইনি প্রতিষ্ঠানের অনুরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ব্রিফিংয়ে একাধিক সাংবাদিক জানতে চান, পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ সম্ভব কি না এবং বাংলাদেশ থেকে এ বিষয়ে সর্বশেষ কী কথা হয়েছে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠি ও পুরো বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সে অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হবে।

ভ্রমণ নথির প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, এটি একটি আইনি ও কারিগরি বিষয় এবং মানুষের যাতায়াতের জন্য ভ্রমণ সংক্রান্ত নথির প্রয়োজন হয়। পাসপোর্ট ও এনআইডির বিষয়টি নিয়ে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনই ভালো তথ্য দিতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে মুখপাত্র জানান, এ বিষয়গুলোতে এই মুহূর্তে তাঁর কাছে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই।

এ ছাড়া, ব্রিফিংয়ে চীনের কতিপয় ব্লগারের ঢাকায় ধারণ করা ভিডিও নয়াদিল্লির দৃশ্য হিসেবে অপপ্রচার চালানোর বিষয়টি উঠে আসে। জয়সওয়াল একে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে যারা এর পেছনে রয়েছে তাদের নিজেদের নির্ভরযোগ্যতাই ক্ষুণ্ন হয়। এই অপপ্রচারের বিষয়ে বেইজিং ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস