হত্যা, রাজনীতির খেলা আর ভাগ্যের নির্মম ট্র্যাজেডি

১৯৮৪ সালের ৩১ অক্টোবরের এক কুয়াশাচ্ছন্ন সকাল। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে তরুণী স্ত্রী ও দুই সন্তানের জননী সোনিয়া গান্ধী গোসলখানার দিকে যাচ্ছিলেন। হঠাৎই বাগানের দিক থেকে ভেসে এল গুলির শব্দ। প্রথমে ভেবেছিলেন পটকা ফাটছে, কিন্তু শব্দটা ছিল অন্যরকম। আতঙ্কে শিউরে উঠে বের হতেই দেখলেন, একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি ধীরগতিতে এগিয়ে আসছে। ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর শাশুড়ি, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত ইন্দিরার চোখ দুটি তখনও খোলা, মুখে যেন এক বিস্ময়ের ছাপ। হাসপাতালের চিকিৎসকদের এক হাত নাড়াতেই শেষ হয়ে যায় একটি অধ্যায়। কিন্তু সোনিয়ার জন্য ট্র্যাজেডির মাত্র এটি ছিল সূচনা।

সেদিনই পশ্চিমবঙ্গ থেকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয় তাঁর স্বামী রাজীব গান্ধীকে। সোনিয়াকে এসে রাজীব জানান, দলের নেতারা তাঁকেই প্রধানমন্ত্রী করতে চান। আতঙ্কে ও ক্ষোভে চিৎকার করে উঠেছিলেন সোনিয়া, ‘ওরা তোমাকেও মেরে ফেলবে!’ কিন্তু রাজীবের শান্ত উত্তর ছিল, ‘ওরা তো আমাকে এমনিতেও মারবে’। সেই রাতেই ইন্দিরার মৃতদেহ ঘরে রেখেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ গ্রন্থে এভাবেই উঠে এসেছে ব্যক্তিগত স্বজন হারানোর বেদনা আর চরম রাজনৈতিক চাপের সেই ঐতিহাসিক মুহূর্তগুলো।

১৯৮৪ সালের অক্টোবরে ইন্দিরা গান্ধী তাঁর শিখ দেহরক্ষীদের হাতে নিহত হন। ছবি: সংগৃহীত
রাজনীতি থেকে শতহাত দূরে থাকতে চাওয়া ইতালির এক ছোট শহরের মেয়ে সোনিয়া কীভাবে নেহরু-গান্ধী পরিবারের বধূ হলেন, আর কালক্রমে কংগ্রেস দলের হাল ধরে টানা দুটি নির্বাচনে জয়ী করে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হলেন, তার এক নিবিড় দলিল এই আত্মজীবনী। ১৯৯১ সালে স্বামী রাজীব গান্ধীর নৃশংস হত্যাকাণ্ডের পর সোনিয়া নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন। রাজীবের বিয়োগব্যথা কাটাতে বছরের পর বছর লেগেছে। তবে, কালক্রমে ঐতিহ্যবাহী কংগ্রেস দল যখন ভাঙনের মুখে পড়ে এবং জ্যেষ্ঠ নেতারা দল ছাড়তে শুরু করেন, তখন নেহরু-গান্ধী পরিবারের ঐতিহ্য রক্ষায় এবং ভারতের ধর্মনিরপেক্ষ নীতি বাঁচাতে সোনিয়াকে আবারও রাজনীতিতে নামতে হয়।

নিজের মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা পর ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। ছবি: সংগৃহীত
বইটিতে রাজনীতিতে আসার মানসিক দ্বন্দ্বের কথা জানাতে গিয়ে সোনিয়া বলেন, তিনি ভাগবদ্গীতার শরণাপন্ন হয়েছিলেন। ১৯৯৭ সালের জানুয়ারিতে এক সংস্কৃত পণ্ডিতের কাছে গীতা পাঠ শুরু করেন তিনি। ফলে অর্জুনের মতো কর্মযোগ ও নিঃস্বার্থ কর্তব্যের শিক্ষা লাভ করেই তিনি নিজের দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে রাজনীতির ময়দানে নামেন।

২০০৪ সালে কংগ্রেস নির্বাচনে জয়ী হলে সবাই নিশ্চিত ছিলো, সোনিয়াই হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি সেই পদ প্রত্যাখ্যান করেন। ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর প্রবল আপত্তি এবং দলীয় সমর্থকদের তোপের মুখেও সোনিয়া তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। কারণ তিনি জানতেন, তাঁর বিদেশি নাগরিকত্বের বিষয়টি নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা লুটবে, যা দেশের ক্ষতি করতে পারে। ফলে তিনি অর্থনীতিবিদ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।

১৯৯১ সালে রাজীব গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়ায় সোনিয়া গান্ধী (মাঝখানে), সঙ্গে মেয়ে প্রিয়াঙ্কা ও ছেলে রাহুল। ছবি: সংগৃহীত
সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা শুধু পরিবারের ইতিহাস নয়, এটি বদলে যাওয়া ভারতের এক দলিল। বইটিতে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন তিনি। মোদী ও তাঁর দৃষ্টিভঙ্গিকে জাতীয় সংঘের (আরএসএস) আদর্শে লালিত ‘নিয়ন্ত্রণ ও আধিপত্যের’ ভারত বলে অভিহিত করেছেন, যার বিপরীতে তাঁর নিজের দৃষ্টিভঙ্গি ছিল 'অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ' ভারত। তবে একই সঙ্গে এক বিরল স্বীকারোক্তিতে সোনিয়া মেনে নিয়েছেন, মোদী যেভাবে তৃণমূল পর্যায় থেকে লড়াই করে ক্ষমতায় এসেছেন, তার সঙ্গে দিল্লির অভিজাত রাজনীতিকদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছিল, যা মোদী পুরোপুরি কাজে লাগাতে পেরেছেন।

মনমোহন সিংয়ের সঙ্গে সোনিয়া গান্ধী; ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় ফিরে এলে সোনিয়া নিজে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মনমোহন সিংকে এই পদের জন্য মনোনীত করেন। ছবি: সংগৃহীত
বিশ্বনেতাদের সঙ্গে তাঁর স্মৃতিচারণও বইটিতে স্থান পেয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি একজন 'আকর্ষণীয় ব্যক্তিত্ব' হিসেবে বর্ণনা করেছেন, যিনি ইউক্রেন যুদ্ধের বহু আগে সেন্ট পিটার্সবার্গে সোনিয়াকে নৌভ্রমণে নিয়ে গিয়ে বিশ্বরাজনীতি ও রাশিয়াকে পুনর্গঠনের স্বপ্নের কথা বলেছিলেন। আবার ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তাঁর তৎকালীন প্রেমিকা কার্লা ব্রুনিকে ছেড়ে ভারতে একা আসার পর নৈশভোজে বৈবাহিক জীবন নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়ার হাস্যরসাত্মক স্মৃতিও তিনি তুলে ধরেছেন।

সোনিয়া গান্ধী লিখেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী মোদী মধ্যে কার্যত কোনো যোগাযোগই হয়নি। ছবি: সংগৃহীত
অবশ্য ৫০২ পৃষ্ঠার এই বিশাল বইটিতে বোফোর্স কেলেঙ্কারি বা কংগ্রেসের আমলে দুর্নীতি ও স্বজনপ্রীতির মতো বিতর্কিত বিষয়গুলোকে সোনিয়া খুব সংক্ষিপ্ত বা এড়িয়ে গেছেন বলে সমালোচনা রয়েছে।

জীবনের শেষ প্রান্তে এসে ৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধী বর্তমানে রাজ্যসভার সদস্য। তাঁর সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই সক্রিয় রাজনীতিতে আছেন। কিন্তু বইয়ের শেষ পাতায় কোনো বিজয়ের উল্লাস নেই, আছে এক বিষাদময় সুর। সোনিয়া লিখেছেন, জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়, যে ধর্মান্ধতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে তিনি মাঠে নেমেছিলেন, তিনি হয়তো শেষ পর্যন্ত সেই শক্তির বিরুদ্ধে পুরোপুরি জয়ী হতে পারেননি।

তথ্যসূত্র: বিবিসি