গুগল ম্যাপসে যেভাবে জানবেন নিজের এলাকার বাতাসের মান

যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলাবালু ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা কমবেশি হয়ে থাকে। এ পরিস্থিতিতে বাইরে বের হওয়ার আগে বাতাসের মান জেনে নেওয়া জরুরি। এ জন্য সহজেই ব্যবহার করা যায় গুগল ম্যাপসের ‘এয়ার কোয়ালিটি’ সুবিধা।

গুগল ম্যাপসের এই সুবিধায় নির্দিষ্ট এলাকার বাতাসের মান মানচিত্রের ওপর বিভিন্ন রঙের মাধ্যমে দেখানো হয়। বিশ্বের ৪০টির বেশি দেশে এই সুবিধা চালু রয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন উৎস থেকে বায়ুমানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে গুগল। যেমন যুক্তরাষ্ট্রে পরিবেশ সুরক্ষা সংস্থা এবং পার্পলএয়ারের বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্রের তথ্য ব্যবহার করা হয়।

কেন কাজে লাগবে এই সুবিধা

গুগল ম্যাপসের এই সুবিধা ব্যবহার করে সকালে হাঁটতে বা ব্যায়াম করতে যাওয়ার আগে বাতাসের মান জানা যায়। ভ্রমণের আগে দূষণের মাত্রা যাচাই, শীতের ধোঁয়াশার সময় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার ক্ষেত্রেও এটি কাজে আসতে পারে। বাতাসের মান বিবেচনায় মাস্ক ব্যবহার বা অন্য সতর্কতা প্রয়োজন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

মুঠোফোনে যেভাবে বাতাসের মান জানবেন

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণ চালু করতে হবে। এরপর নির্দিষ্ট শহর, এলাকা, পরিচিত স্থাপনা বা ঠিকানা লিখে খুঁজতে হবে। চাইলে মুঠোফোনের অবস্থান শনাক্তকরণ সুবিধা চালু করে নিজের বর্তমান অবস্থানও নির্বাচন করা যাবে।

এরপর মানচিত্রের স্তর বা ‘লেয়ারস’ আইকনে চাপ দিতে হবে। আইকনটি সাধারণত স্ক্রিনের ওপরের ডান দিকে থাকে। কোনো কোনো সংস্করণে এটি সার্চ বাক্সের পাশেও দেখা যেতে পারে। সেখান থেকে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলেই মানচিত্রে সংশ্লিষ্ট এলাকার বাতাসের মান বিভিন্ন রঙে দেখা যাবে।

নির্দিষ্ট এলাকার দূষণের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে মানচিত্রের ওই স্থানে চাপ দিতে হবে। বায়ুমান পর্যবেক্ষণকেন্দ্রের চিহ্নে চাপ দিলেও সংশ্লিষ্ট স্থানের বায়ুমান সূচক ও অন্যান্য তথ্য জানা যাবে।

কম্পিউটারেও জানা যাবে বাতাসের মান

কম্পিউটারে গুগল ম্যাপসের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের স্থান খুঁজতে হবে। এরপর মানচিত্রের বাঁ দিকের নিচে থাকা ‘লেয়ারস’ বাটনে ক্লিক করে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করতে হবে। এরপর মানচিত্রে ওই এলাকার বাতাসের মান দেখা যাবে।

রঙের অর্থ কী

গুগল ম্যাপসে বাতাসের মান বোঝাতে ছয় ধরনের রং ব্যবহার করা হয়। রংগুলোর অর্থ হলো:

সবুজ: বাতাসের মান ভালো।
হলুদ: বাতাসের মান মাঝারি।
কমলা: সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।
লাল: অস্বাস্থ্যকর।
বেগুনি: খুবই অস্বাস্থ্যকর।
গাঢ় মেরুন: বিপজ্জনক।

তবে শুধু রঙের ওপর নির্ভর না করে বায়ুমান সূচকের সংখ্যাগত মান ও সংশ্লিষ্ট শ্রেণিও দেখে নেওয়া উচিত। কারণ বিভিন্ন দেশের বায়ুমান সূচক নির্ধারণের পদ্ধতি আলাদা হওয়ায় একই রঙের অর্থ বা মাত্রায় পার্থক্য থাকতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া