ব্রিটেনের এক-তৃতীয়াংশ তরুণের যৌন অভিজ্ঞতা নেই!

নতুন প্রজন্মের ব্রিটিশ তরুণ-তরুণীদের ঘনিষ্ঠতার ধরন নিয়ে এমন এক চিত্র সামনে এসেছে, যা একদিকে যেমন পুরোনো হিসাব উল্টে দিচ্ছে, অন্যদিকে তেমনি উসকে দিচ্ছে অনেকগুলো প্রশ্নও।

গবেষণা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত ‘দ্য ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলস’ (নাটসাল)-এর চতুর্থ এই বড় জরিপে দেখা গেছে, ১৬ থেকে ২৪ বছর বয়সী ব্রিটিশদের এক-তৃতীয়াংশের এখনো যৌন অভিজ্ঞতা হয়নি, অথচ এই বয়সী অর্ধেকেরই বেশি গত এক বছরে ফোনে যৌনতায় ভরপুর ছবি বা বার্তা পাঠিয়েছেন কিংবা পেয়েছেন, আর পর্নোগ্রাফি দেখার প্রবণতাও চোখে পড়ার মতো।

১২ বছর আগের জরিপে এই হার ছিল প্রায় এক-পঞ্চমাংশ; এবার সেই হিসাব বেড়ে দাঁড়িয়েছে এক-তৃতীয়াংশে। এমনকি ৪৫ বছরের কম বয়সী প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ঘনিষ্ঠতার হার ১৯৯০ সালের সপ্তাহে

UK Sex Life 03
পর্দা আর পর্নোগ্রাফির এই বাড়বাড়ন্ত দেখে খুব সহজেই সব দায় স্ক্রিন টাইমের ওপর চাপিয়ে দেয়া যায়, কিন্তু গবেষকেরা বিষয়টিকে অতটা সরলভাবে দেখছেন না। জরিপে দেখা গেছে, ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে অর্ধেক তরুণী এবং ৮৬ শতাংশ তরুণ গত এক বছরে পর্ন দেখেছেন; আর সার্বিকভাবে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৩৭ শতাংশ নারী ও ৮১ শতাংশ পুরুষ এই তালিকায় রয়েছেন।

তবু যাদের এখনো যৌন অভিজ্ঞতা হয়নি, তাঁদের মধ্যে একক বা অনলাইন অভ্যাসের হার কম—যা ইঙ্গিত দেয়, পর্দা হয়তো সরাসরি সামনাসামনি ঘনিষ্ঠতার জায়গা পুরোপুরি দখল করে নিচ্ছে না। বরং বদলে যাওয়া সামাজিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখছে।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ওয়েন্ডি ম্যাকডোয়াল মনে করিয়ে দিয়েছেন, আজকের তরুণরা আগের প্রজন্মের তুলনায় কম অ্যালকোহল পান করছেন, বড় অংশ এখনো বাবা-মায়ের সঙ্গে বাড়িতেই থাকছেন, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ বাড়ছে, আর কোভিড মহামারির ঘরবন্দী সময়ও বাইরে বের হওয়ার অভ্যাসে প্রভাব ফেলেছে।

UK Sex Life 02
পাশাপাশি সম্মতি নিয়ে খোলামেলা আলোচনার সংস্কৃতি বাড়ায় তরুণরা কবে ও কখন ঘনিষ্ঠ হবেন, সে বিষয়ে আরও সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও মনে করেন তিনি।

ব্রিটেনের ১৬ থেকে ৫৯ বছর বয়সী ৬ হাজার ৭০০ মানুষের র‍্যান্ডম নমুনার ওপর ভিত্তি করে তৈরি এই জরিপে ঘনিষ্ঠতার আরও কিছু টানাপোড়েন উঠে এসেছে। একদিকে ১৪ শতাংশ নারী অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে কারও ওপর ক্ষোভ বা কষ্ট পুষে রাখার কথা জানিয়েছেন, আর ঠিক সমান সংখ্যক পুরুষ নিজের যৌন চিন্তা বা আকাঙ্ক্ষা নিয়ে লজ্জাবোধের কথা বলেছেন।

২০১০ সালের জরিপে যেখানে খুব তাড়াতাড়ি যৌন সম্পর্কে জড়ানোকে সবচেয়ে বড় আক্ষেপ হিসেবে দেখা হয়েছিল, এখন সেখানে অপেক্ষার প্রবণতা বেড়েছে, তরুণীদের ৩৮ শতাংশ এবং তরুণদের ২৮ শতাংশ জানিয়েছেন, তাঁদের এখনো যৌন অভিজ্ঞতা হয়নি।

সার্বিকভাবে প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশ গত এক বছরে ঘনিষ্ঠ হয়েছেন, জীবনসঙ্গী বা যৌন সঙ্গীর গড় সংখ্যা পাঁচ, নারীদের ক্ষেত্রে মাসে গড়ে একবার ও পুরুষদের ক্ষেত্রে দুবার, আর সমলিঙ্গের সঙ্গীর সঙ্গে সম্পর্কের কথা বলার হারও বেড়েছে।

UK Sex Life 04
তবে এই বদলের ভেতরেও রয়েছে উদ্বেগের জায়গা। জরিপের তথ্য বলছে, অনেক ব্রিটিশ—বিশেষ করে তরুণরা- অসুরক্ষিতভাবে ঘনিষ্ঠ হচ্ছেন, যা অবাঞ্ছিত গর্ভধারণ ও যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি বাড়ায়; তরুণীদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহারের প্রবণতাও কমেছে।

অথচ ঠিক একই সময়ে ১৬ থেকে ৪৪ বছর বয়সী নারীদের মধ্যে সন্তান না চাওয়ার প্রবণতা এক দশকে প্রায় দ্বিগুণ হয়ে ৮ শতাংশ থেকে ১৭ শতাংশে পৌঁছেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু উদ্বেগ নাকি জীবনের অগ্রাধিকার বদলে যাওয়া, কোন কারণটি মানুষের এই সিদ্ধান্তকে তাড়িত করছে, তা খতিয়ে দেখাই এখন জরুরি বলে মনে করছেন গবেষকেরা।

আর ভবিষ্যতে হয়তো গবেষণার তালিকায় যুক্ত হবে নতুন অধ্যায়, রোমান্টিক চ্যাটবট বা এআই সঙ্গীদের প্রভাব, যা গতবার জরিপের সময় সায়েন্স ফিকশনের মতো মনে হলেও এখন বাস্তবের দরজায় কড়া নাড়ছে।

তথ্যসূত্র: বিবিসি