১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা নিয়মিতভাবে এই দ্বীপে ভ্রমণ ও অবস্থান করতে পারবেন। রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার সেন্টমার্টিন ভ্রমণের নীতিমালায় ইতিবাচক ও সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনা হয়েছে। বিগত বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পেলেও, নতুন নিয়মে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করতে পারবেন।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, প্রবাল দ্বীপে পর্যটকদের রাত্রিযাপনের ওপর যে কড়াকড়ি ও নিষেধাজ্ঞা বজায় ছিল, তা এবার পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ফলে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীরা দ্বীপে গিয়ে অবস্থান ও রাত্রিযাপন করতে পারবেন।

তবে পরিবেশ সুরক্ষার ওপরও রাখা হয়েছে বিশেষ নজর। দ্বীপের পরিবেশ সংরক্ষণের জন্য প্রতিটি পর্যটককে অতিরিক্ত ১০০ টাকা পরিচ্ছন্ন ফি পরিশোধ করতে হবে। এছাড়া, বিগত বছরের মতোই এবারও সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকেই ছেড়ে যাবে।

সরকারের এই সুষম পদক্ষেপে দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী ও ভ্রমণপিপাসুদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের আমেজ বিরাজ করছে।