হেমন্তের নরম রোদ আর শিশিরভেজা সকালে যান্ত্রিক ঢাকার বুকে হঠাৎ করেই যেন নেমে এলো এক টুকরো গ্রামবাংলা। পহেলা অগ্রহায়ণের সোনালি সকালে নতুন ফসল ঘরে তোলার আনন্দ আর চিরায়ত লোকজ ঐতিহ্যের হাতছানিতে রঙিন হয়ে উঠল ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের আয়োজনে অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’।
সোমবার সকালে বিশিষ্ট শিল্পী হাসান আলীর মায়াবী বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণিল উৎসবের শুভসূচনা। এরপর সকালের প্রথম পর্বে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’-এর সম্মেলক পরিবেশনার পাশাপাশি একে একে সুরের পসরা সাজিয়ে বসে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।
একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরীর মতো গুণী শিল্পীরা। সুরের পাশাপাশি দীপা খন্দকার, তামান্না রহমান, এম আর ওয়াসেক, অনিক বোস, শুভাশীষ চাকমা এবং সামিনা হোসেন প্রেমার পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক দলের নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়া রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলির একক আবৃত্তি অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে।
নবান্ন কথন ও ঐতিহ্যবাহী আয়োজন: উৎসব প্রাঙ্গণে আসা দর্শনার্থী ও নগরবাসীর জন্য রাখা হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা পদের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরালি ও বাতাসার সুস্বাদু আয়োজন। উৎসবের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের মাহমুদ সেলিম। পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা তাঁর বক্তব্যে বলেন, ১৪০৬ বঙ্গাব্দে শুরু হওয়া এই অসাম্প্রদায়িক উৎসব আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মাঝেও উদযাপিত হচ্ছে।
এ সময় চারুকলায় উৎসবের বরাদ্দ বাতিল হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রেখে কেবল শিল্পের পরিচয়ে দেখার আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে দূরে থাকতে এবং সমাজ গঠনে আমাদের এই লোকজ ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।
শহুরে যান্ত্রিকতায় প্রাণের স্পন্দন: গ্রাম থেকে দূরে থাকা শহুরে মানুষের কাছে বাংলার পসরা ও শিকড়ের সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব বয়সি দর্শনার্থীরা। টঙ্গী থেকে অংশ নেওয়া শিল্পী রোজী দেবনাথ ও ধানমন্ডির দর্শনার্থী শেখ সাদী জানান, নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। সকালের পর্বের পর উৎসবের দ্বিতীয় ও সমাপনী পর্বে বিকেল থেকে রাত পর্যন্ত শিশু দল, একক-দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির এক বিশাল সাংস্কৃতিক যজ্ঞের মধ্য দিয়ে পর্দা নামে এই প্রাণের উৎসবের।