সিনহা হত্যা মামলা: ৩৪২ ধারায় নন্দ দুলালের সাক্ষ্যগ্রহণ শুরু

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত এসআই নন্দ দুলাল (বরখাস্ত) আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় লিখিত বক্তব্য প্রদান শুরু করেছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে নন্দ দুলাল বক্তব্য প্রদান শুরু করেন। 

সোমবার এই মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। বিচারক আসামিদের প্রত্যেককে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চেয়েছেন। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপসহ আসামিরা মৌখিকভাবে বিচারকের প্রশ্নের জবাব দিয়েছেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফরিদুল আলম জানান, ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। গতকাল সোমবার কার্যবিধি ৩৪২ ধারায় ১৪ জন আসামি আদালতে তাদের লিখিত বক্তব্য দিয়েছেন। আজ অপর আসামি নন্দ দুলাল তার লিখিত বক্তব্য উপস্থাপন করবেন। 

তিনি আরও জানান, পারে আসামির দেওয়া বক্তব্য নিয়ে আদালত পর্যালোচনা করবেন। 

আরও পড়ুন: ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা, ক্ষতিপূরণ দাবি

এর আগে ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


একাত্তর/ আরবিএস