দেশের তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ১৩০টি ইটভাটা গুড়িয়ে দিয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৪ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ জানান, ইটভাটা নিয়ন্ত্রন আইনের ১৪ ও ১৯ ধারা অনুসারে তিন কার্যদিবসের মধ্যে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি অবৈধ ইটভাটাগুলো ধ্বংস করে ছয় সপ্তাহের মধ্যে তিন জেলার জেলা প্রশাসককে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।
আরও পড়ুন: পরিত্যক্ত বিবেচিত হবে যুদ্ধাপরাধীর বাজেয়াপ্ত সম্পত্তি
এতে বলা হয়, তিন পার্বত্য জেলার ২০টি উপজেলায় থাকা ৬৪টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
আদালত ৯ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দাখিল করার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ তিন জেলা প্রশাসকের তালিকা আদালতে দাখিল করে।
ওই প্রতিবেদনের তথ্যমতে, তিন পার্বত্য জেলায় ১৩০টি অবৈধ ইটভাটা রয়েছে।
একাত্তর/এসজে