নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ

ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের মধ্যে নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। মোবাইল ফোন অপারেটরের দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

অপারেটর সূত্র জানায়, মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া চারটার পর থেকে ওই এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়। সরকারি নির্দেশনা পাওয়ার পর এ সেবা বন্ধ হলো।

সূত্র জানিয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হলো।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে। এখনও (বিকেল সাড়ে ৫টা) পরিস্থিতি থমথমে। শিক্ষার্থী ও দোকান কর্মীরা রাস্তায় রয়েছে।

আরও পড়ুন: ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, বিকেলের ভেতর ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

এদিকে ঢাকা কলেজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে বলা হয়েছে।

দেশে মোবাইল অপারেটর চারটি। এর মধ্যে দুটি অপারেটর সূত্রে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার বিষয়টি জানা গেছে। ওদিকে ঢাকা কলেজ এলাকায় অবস্থানকারী কয়েক ব্যক্তি জানিয়েছেন, তারা মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট পাচ্ছেন না।


একাত্তর/আরএ