আবেদন খারিজ, বন্ধই থাকছে পাবজি: হাইকোর্ট

সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি বন্ধের রায় প্রত্যাহার চেয়ে পাবজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে দেশে বন্ধই থাকছে পাবজি খেলা।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত বছরের ২৪ জুন সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের সব ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম তথা লাইকির মত সব প্রকার অনলাইন গেমস এবং অ্যাপস অবিলম্বে বন্ধ করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন। 


গত বছরের ১৯ জুন অনলাইন প্ল্যাটফর্ম থেকে গেম ও অ্যাপগুলো বন্ধে প্রতিষ্ঠানগুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন: ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

এতে বলা হয়, বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। যার ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ, প্রজন্ম হয়ে, পড়ছে মেধাহীন। এসব গেমস যেন যুব সমাজকে সহিংসতা প্রশিক্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। 


একাত্তর/এসি