কিছুক্ষণ পর অস্ত্র মামলায় জি কে শামীমের রায়

বিতর্কিত ঠিকাদার ও কথিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

আর কিছুক্ষণ পর দুপুর ১২টা দিকে, গুলশান থানায় অস্ত্র আইনে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করবেন। রায়ে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

ঢাকা মহানগর আদালতের হাজতখানার ইনর্চাজ সাদিকুল ইসলাম বলেন, কাশিমপুর থেকে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আদালতে হাজির করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার বলেন, এ মামলায় আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।

অস্ত্র মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার আলাদা তিন ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

জি কে শামীমের বিরুদ্ধে বৈধ অস্ত্র অবৈধভাবে প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। যার সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম। নিকেতন এ-ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাড়িতে তার অফিসে ১১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

সে সময় তার সেই কার্যালয় থেকে নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার মার্কিন ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র, বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা করে র‌্যাব।

আরও পড়ুন: ফরিদপুরে উদ্ধার রহিমা খাতুন এখন খুলনায়

মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়। এরপর তার বিরুদ্ধে আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


একাত্তর/আরএ