রাজধানীর হলি আর্টিজান মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি শহিদুল করিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ দায়িত্ব দেন।
ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী, যদি নিম্ন আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়, তাহলে শাস্তি নিশ্চিত করতে হাইকোর্ট রায় পরীক্ষা করেন।
২০১৬ সালের ১ জুলাই ৫ সশস্ত্র জঙ্গি গুলশানের কূটনৈতিক এলাকায় হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২০ জনকে জিম্মি করে ও পরে নৃশংসভাবে হত্যা করে।
তাদের মধ্যে ৩ জন বাংলাদেশি, ৭ জন জাপানি, ৯ জন ইতালীয় এবং ১ জন ভারতীয় নাগরিক।
পরে সেখানে সেনাবাহিনীর কমান্ডো দলের উদ্ধার অভিযান চলাকালে জঙ্গিদের মৃত্যু হয়। এ ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা এবং ওই রেস্টুরেন্টের একজন শেফও নিহত হন। হামলায় আহত রেস্টুরেন্টের আরেক কর্মী পরে মারা যান।
আরও পড়ুন: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন
এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার একটি আদালত হামলায় জড়িত থাকার দায়ে ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন রাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগান, মো. আবদুস সবুর খান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন।
একাত্তর/এসজে