বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই স্টলে না রাখার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খশরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার বিষয়ে বাংলা একাডেমির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন হাইকোর্ট।
একই সঙ্গে আপত্তি থাকা তিনটি বই আদালতে জমা এবং ওই তিনটি বই বিক্রি করবে না মর্মে লিখিতভাবে আদালতে জানাতে বলা হয়।
বইমেলায় স্টল বরাদ্দ না পেয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চারজনকে বিবাদী করে রিট করেন প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান।
রিটে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়া কেন অবৈধ হবে না, এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়। পাশাপাশি আদর্শ প্রকাশনীকে দ্রুত স্টল বরাদ্দ দিতেও নির্দেশনা চাওয়া হয় রিটে।
একাত্তর/এআর