একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ত্রিশালের মো. হরমুজ আলীসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তারা হলেন- এমএ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু, মো. হরমুজ আলী ও আব্দুস সাত্তার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
২০১৫ সালের ১৯ মে এমপি হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।
মামলায় জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য এমএ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি করা হয় মোট আটজনকে।
তাদের মধ্যে কারাবন্দি থাকা অবস্থায় এমএ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ এবং অপর এক আসামি মিজানুর রহমান মন্টু মারা যান। বাকি পাঁচ জন জীবিত। তাদের মধ্যে তিনজন কারাগারে বাকি দুই জন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: পরিচয় মিলেছে গুলশানের আগুনের ঘটনায় নিহত যুবকের
অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ২১ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তারা ত্রিশাল উপজেলায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান ২০১৫ সালের ২৮ জুলাই থেকে ২০১৭ সালের ১১ জুলাই পর্যন্ত তদন্ত করেন। ২০১৬ সালের ১১ জুলাই তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে।
একাত্তর/এসি