সব পাবলিক প্লেসে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপনের নির্দেশ

কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ‘ব্রেস্টফিডিং কর্নার’ স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর নিরাপদে মায়ের বুকের দুধ পানের পরিবেশ চেয়ে হাইকোর্টে রিট করে ৯ মাস বয়সের ছোট্ট শিশু উমাইর বিন সাদী। সাথে ছিল তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। 

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে দাম কমলো এলপিজির

পরে দেশের সব শপিংমল, কর্মক্ষেত্র, এয়ারপোর্ট, বাসস্টপ, রেলওয়ে স্টেশনে ব্রেস্টফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। 

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সারা দেশের কলকারখানা ও মিলগুলোতে দুই মাসের মধ্যে ব্রেস্টফিডিং রুম স্থাপনের নির্দেশ দেয়া হয়। রোববার সেই রুল নিষ্পত্তি করে রায় দেয় হাইকোর্ট।


একাত্তর/এসজে