নওগাঁয় র্যাবের হাতে আটকের পর সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রধান করে এ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সুলতানা জেসমনিকে তুলে নেওয়ার ঘটনা কেন অবৈধ নয়, তা জানতেও রুল জারি করা হয়েছে। পাশাপাশি যে র্যাব সদস্যরা তাকে আটকের সময় ছিলেন, তাদের সদর দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র্যাব। এরপর র্যাব হেফাজতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুলতানার মৃত্যুর খবরটি হাইকোর্টের নজরে আনা হলে আদালত ফরনেসিন প্রতিবেদনে দাখিল করতে বলে। এতে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে তার মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রতিবেদন আরও বলা হয়েছে, তাকে কোনো নির্যাতন করা হয়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদে সুলতানা জেসমিনকে আটক করা হয়। এরপর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে সুলতানার স্বজনরা অভিযোগ তোলেন, আটকের পর নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে র্যাব।
র্যাব জানায়, আটকের পরপরই সুলতানা অসুস্থ হয়ে পড়েন। আটকের পর তাকে র্যাবের কোনো ক্যাম্পে নেওয়াই হয়নি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মৃতুর আগ পর্যন্ত সুলতানার স্বজনরা সঙ্গে ছিলেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এফএম শামীম আহাম্মদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রামেকে সিটি স্ক্যান করে তারা জানতে পারেন মস্তিস্কে রক্তক্ষরণে সুলতানার মৃত্যু হয়েছে।
র্যাব জানায় সুলতানার বিরুদ্ধে আর্থিক প্রতারণার একটি অভিযোগ পাওয়া যায়। তার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ছিল। ব্যাংক স্টেটমেন্ট দেখে র্যাব অভিযোগের সত্যতা পায়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
একাত্তর/এসি