হাফিজের রাজউকের প্লট দুর্নীতি মামলার স্থগিতাদেশ প্রত্যাহার

মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট নেওয়ায় সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে করা দুদকের দুর্নীতি মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। 

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গিয়াস উদ্দিন আল মামুনের ভাই ও বিএনপির ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা প্লট জালিয়াতির দুর্নীতির মামলা বাতিল চেয়ে করা রিভিশন আবেদন খারিজ করে এ আদেশ দিলো হাইকোর্ট। ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আর বাধা নেই।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। রিভিশনকারী পক্ষে ছিলেন আইনজীবী সাব্বির হামজা। 

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন। ওই আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে মামলাটি চলমান থাকবে।

মামলার বিবরণে জানা যায়, তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য থাকাকালীন রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি সরকারি প্লট গ্রহণ করেন। এতে তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেন। 

আরও পড়ুন: ক্যাসিনোহোতা সেলিম প্রধানের আট বছরের কারাদণ্ড

মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেওয়ার কারণে দুদক ২০১৭ সালের ১৩ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করে। পরে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে। সেই অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে হাইকোর্ট গত ২০১৯ সালের ১৬ এপ্রিল রুল নিশি দিয়েছিল।


একাত্তর/জো