মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে সরকারকে একটি গবেষণা কেন্দ্র করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর এ কাজ বাস্তবায়ন করতে বলা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে।
রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক কবিরুল বাশার সুপারিশসহ বিশেষজ্ঞ মতামত দিয়েছেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ।
তিনি বলেন, মামলাটি নিষ্পত্তি করে সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সিভিল এভিয়েশন এবং সিটি করপোরশনকে নির্দেশ দিয়েছেন আদালত। ভেক্টর কন্ট্রোল রিসার্চ সেন্টারের (ভিসিআরসি) মতো একটি সেন্টার করতে সরকার বলেছেন আদালত।
চার বছর আগে ২০১৯ সালের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রাথমিক শুনানি নিয়ে তখনই রুল দেন হাইকোর্ট।
গত বছরের নভেম্বরে হাইকোর্ট বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও উত্তর সিটি করপোরেশনকে একসঙ্গে বসে বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
একাত্তর/আরবি