গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির চার পরিচালকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীরীরা জানিয়েছেন, এর ফলে শ্রম আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই।
মামলার অন্য তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
রোববার (২০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যর আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে গত ছয় জুন অভিযোগ গঠন করেন ঢাকার শ্রম আদালত।
অভিযোগ গঠনের বৈধতা প্রশ্নে গত ২১ জুন হাইকোর্টে আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন অভিযোগ গঠন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২৩ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।
পরে উভয়পক্ষের শুনানি শেষে গত আট আগস্ট জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরে আপিল বিভাগে আবেদন করেন ড. মুহম্মদ ইউনূস। গত ১৭ আগস্ট সেই আবেদনের ওপর শুনানি শেষ হয়।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক এসএম আরিফুজ্জামান এ মামলা দায়ের করেন।
একাত্তর/এসি