সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে সোমবার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামিকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। এরপর মঙ্গলবার ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এ বছরের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। একদিন পর ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা করেন। ২২ জনের নাম ধরে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা দায়ের করা হয়।
হামলার সময়ের সিসিটিভির ফুটেজে বিশ্লেষণ করে দেখা যায়, ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে নাদিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একদল সন্ত্রাসী। এরপর তার ওপর হামলা চালানো হয়। পুলিশ তখন জানায় হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন বাবুর বোনের ছেলে রেজাউল ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রাকিবুল্লাহ রাকিব।
ফুটেজ দেখে আরও দুইজনকে শনাক্ত করে পুলিশ, জানা যায় তারা সবাই চেয়ারম্যান বাবুর অনুসারী।
সেই সময় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নিশ্চিত করেছিলেন, সংবাদ প্রকাশের জেরেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়।
র্যাব তখন জানায়, বাবুর অপকর্ম নিয়ে বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক নাদিম। এ নিয়ে বাবু তার ওপর ক্ষিপ্ত ছিলেন। তাকে বিভিন্ন হুমকি দেওয়াসহ করেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও। কিন্তু সেসব কিছুই ধোপে টেকেনি। শেষমেষ ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা করেন বাবু।
নাদিম জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক এবং নিউজ পোর্টাল বাংলা নিউজের প্রতিনিধি ছিলেন।