ময়মনসিংহে নিজেদের পণ্য নিয়ে যাচ্ছেন ব্র্যাকের নারী উদ্যোক্তারা

নিজেদের তৈরি পোশাক, খাদ্য সামগ্রী, আচার, হস্তশিল্প, কৃষিজ পণ্য, শো-পিস, প্রসাধনী সামগ্রীসহ নানা পণ্য নিয়ে ময়মনসিংহবাসীর সামনে হাজির হবেন ব্র্যাকের নারী উদ্যোক্তারা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে উদযাপিত হবে ‘উদ্যোগের উৎসব’।

সোমবার থেকে শুরু হওয়া ‘আর্থিক অন্তর্ভুক্তি সপ্তাহ’ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। ব্র্যাক নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সুযোগ সৃষ্টি, এবং তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিপণনের উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করেছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিভিন্ন পণ্য এবং সামগ্রিক কর্মকান্ড সর্ম্পকে ধারণা দিতে সংস্থাটির একটি স্টলও থাকবে সেখানে।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি, বিশেষ করে নারীদের আর্থিক অন্তর্ভূক্তি এবং বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নারীরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হওয়ার সাথে সাথে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক বিশ্বাস করে, নারীদের আরও বেশি সুযোগ দেয়া হলে তারা সমাজ পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বর্তমানে ৫৫ লাখের বেশি নারী উদ্যোক্তা ও নারী সদস্যকে সরাসরি অর্থায়নের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ভূমিকা রাখছে।