উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকার কুর্মিটোলা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর পর্দা নেমেছে। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (৩১ জানুয়ারি) আর্মি গলফ ক্লাবের ‘গলফ গার্ডেনে’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান গোলাম মাইনউদ্দিন এবং ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর।
গত ১৪ জানুয়ারি শুরু হওয়া চার দিনব্যাপী এই টুর্নামেন্টে রেগুলার, ভেটারান, সিনিয়র, লেডি এবং জুনিয়র—এই পাঁচটি ক্যাটাগরিতে মোট ৮১৩ জন অ্যামেচার গলফার অংশগ্রহণ করেন। এর মধ্যে রেগুলার ক্যাটাগরিতে ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লেফটেন্যান্ট কর্নেল এ বি এম সাজ্জাদ হোসেন।
অন্যান্য ক্যাটাগরির মধ্যে ভেটারান বিভাগে কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অব.), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব.), লেডি বিভাগে শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে সৈয়দ মাহদী মাহবীর বিজয়ী হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সিইও ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অব.), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ এবং এপেক্স ফুটওয়্যারের সিইও ফিরোজ মোহাম্মদসহ সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বিপুল সংখ্যক গলফারের অংশগ্রহণ ও সুষ্ঠু আয়োজন এই টুর্নামেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন। ভবিষ্যতে ক্রীড়ার প্রসার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।