বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও চরাঞ্চলের মানুষের জীবন ড্রোনের ক্যামেরায় তুলে ধরে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়লেন দুই তরুণ কনটেন্ট ক্রিয়েটর। বিশ্বখ্যাত ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজেআই গ্লোবাল-এর সঙ্গে প্রথমবারের মতো কোলাবোরেশনে যুক্ত হয়েছেন নাজমুল হোসাইন (লাবু) এবং মো. সুমন শেখ, যিনি ‘সুমন দ্যা কাইট’ নামে পরিচিত।
বাংলাদেশের কোনো কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে ডিজেআই গ্লোবালের এটিই প্রথম কোলাবোরেশন। সম্প্রতি নাজমুল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ডিজেআই-এর মার্কেটিং টিমের নজরে এলে তারা যোগাযোগ করে এবং এই ঐতিহাসিক কোলাবোরেশনটি সম্পন্ন হয়।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর নাজমুল হোসাইন ও রাজবাড়ীর মো. সুমন শেখ সম্প্রতি কক্সবাজারের মহেশখালীতে একটি ট্যুরে গিয়ে ভিডিওটি ধারণ করেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর বাস্তব জীবনের মিশেলে তৈরি সেই কাজই তাদের আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে জায়গা করে দিয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাজমুল হোসাইন (লাবু) বলেন, এটা সত্যিই অনেক বড়ো পাওয়া। আমি কখনোই টাকার জন্য কাজ করিনি। প্রকৃতি আমাকে টানে, আর সেই ভালো লাগা থেকেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরার চেষ্টা করি। অনেকে ভাবেন আমি হয়তো এখান থেকে অনেক আয় করি, কিন্তু বাস্তবে এই কনটেন্ট ক্রিয়েশন থেকে আমার তেমন আয় নেই।
একই সুরে সুমন শেখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে দেশের প্রকৃতি আর বাস্তব জীবনকে ড্রোনের মাধ্যমে তুলে ধরছি। কখনো ভাবিনি ডিজেআই-এর মতো প্রতিষ্ঠানের নজরে আমাদের কাজ আসবে। আমরা যেটা ভালোবাসি সেটাই করি। এই স্বীকৃতি আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।
নাজমুল ও সুমন বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের গল্প ড্রোনের মাধ্যমে ধারণ করছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে তাদের এই জয়জয়কার এখন বাংলাদেশের তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য বড়ো এক অনুপ্রেরণার গল্প। বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠানের এই স্বীকৃতি প্রমাণ করলো, নিষ্ঠা থাকলে দেশ থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব।