নেপালের রাজধানী কাঠমান্ডুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় টেক জায়ান্ট ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের শতাধিক দেশে পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
নেপাল ও বাংলাদেশ থেকে আসা ওয়ালটনের আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনার এই সম্মেলনে অংশ নেন। বিশ্বব্যাপী ওয়ালটনের বিজনেস নেটওয়ার্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
কাঠমান্ডুর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যোগ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সম্মেলনে নেপালের বাজারের জন্য ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন ১৮টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়। এর মধ্যে নেপালের বাজারের বিশেষ চাহিদা বিবেচনায় তৈরি করা ১৬৫ লিটারের একটি সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর সবার নজর কেড়েছে।
সম্মেলনে অংশ নেওয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনাররা জানান, গুণগত মান ও প্রযুক্তির সমন্বয়ে ওয়ালটন পণ্য এখন বিশ্ববাজারের জন্য প্রস্তুত। নেপালসহ বিশ্বের অন্যান্য দেশেও বাংলাদেশের এই ব্র্যান্ডের জয়যাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা ও পরিচালক প্রনিমেশ থাপা। এছাড়া ওয়ালটনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।