মলিয়েরের কালজয়ী কমেডি অবলম্বনে সাড়া জাগানো প্রযোজনা ‘কঞ্জুস’ থেকে শুরু করে নিরীক্ষাধর্মী নাটক ‘সুন্দর’—নানা বৈচিত্র্যময় নাট্যভাষায় দেশের মঞ্চাঙ্গনকে গত সাড়ে চার দশক ধরে সমৃদ্ধ করে চলেছে লোক নাট্যদল। গ্রুপ থিয়েটার চর্চায় নিবেদিতপ্রাণ একদল তরুণের হাত ধরে ১৯৮১ সালের ছয় জুলাই যাত্রা শুরু করা দলটি আজ প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করে ৪৬ বছরে পদার্পণ করলো। সাড়ে চার দশকের এই গৌরবময় ও অবিরাম নাট্যযাত্রাকে স্মরণীয় করে রাখতে দুই দিনের বিশেষ উৎসবের আয়োজন করেছে দেশের অন্যতম প্রধান এই নাট্য সংগঠনটি।
প্রতিষ্ঠার এই দীর্ঘ পথচলায় লোক নাট্যদল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উইলিয়াম শেক্সপিয়ার, বার্টোল্ট ব্রেখ্ট, গাও সিংজিয়ান, ইউরিপিদিস, বুদ্ধদেব বসু, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র ও মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো দেশি-বিদেশি প্রখ্যাত নাট্যকারদের নাটক মঞ্চে এনেছে। পাশাপাশি দেশীয় লোকসংস্কৃতি ও লোকঐতিহ্যের অন্যতম ভাণ্ডার ‘ময়মনসিংহ গীতিকা’ অবলম্বনে নিরীক্ষাধর্মী নাট্যপ্রযোজনা মঞ্চায়নের মাধ্যমে নিজস্ব এক নাট্যশৈলী নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি।
৪৫ বছর পূর্তি উদযাপনের প্রথম পর্বে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে লোক নাট্যদলের সভাপতি অভিজিত চৌধুরী ও আইটিআই বাংলাদেশের সাধারণ সম্পাদক নাট্যজন দেব প্রসাদ দেবনাথের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। এরপরই মঞ্চস্থ হয় দলটির বহুল প্রশংসিত ও দর্শকপ্রিয় প্রযোজনা ‘কঞ্জুস’।
উৎসবের মূল ও সমাপনী আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আবদুস সেলিম। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ সান্ধ্যকালীন আয়োজনে থাকছে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবীণ নাট্যব্যক্তিত্ব জাহিদ চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান। অনুষ্ঠান শেষে মঞ্চস্থ হবে লোক নাট্যদলের নতুন নাটক ‘সুন্দর’।
বিগত চার দশকেরও বেশি সময় ধরে নতুন নাট্যশিল্পী গড়ে তোলা ও দেশীয় নাট্যাঙ্গনের বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে আসা এই সংগঠনটি আজকের উৎসবে নাট্যদর্শক, সহযাত্রী নাট্যসংগঠন, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে।