মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনকে আগামী মাসের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম মে-জুন ২০২৬ এবং জুন ২০২৫ সময়ের খাতভিত্তিক ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আগামী মাসের প্রধান কর্মপরিকল্পনা হিসেবে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ও এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।