জার্মানিতে জমকালো বাংলাদেশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দ্বিতীয় দেশ এলিট কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বিডি অফেনবাখ ইউনাইটেড। চরম রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনালে রয়্যাল বাংলা বার্লিনার্সকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

সম্প্রতি দেশ কালচারাল গ্রুপের উদ্যোগে এবং ফ্রাঙ্কফুর্ট টাইগার্সের সার্বিক সহযোগিতায় ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এ প্রতিযোগিতায় জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ১২টি ফুটবল দল অংশ নেয়। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, তীব্র প্রতিযোগিতা এবং প্রবাসী দর্শকদের মুহুর্মুহু করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে দূর পরবাসে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের প্রতি গভীর ভালোবাসা ও জাতীয় চেতনার এক আবেগঘন আবহ তৈরি হয়। ফ্রাঙ্কফুর্টের মাটিতে দেশাত্মবোধক এই পরিবেশনা আয়োজনটিতে এনে দেয় বিশেষ সম্মান ও মর্যাদা।

জার্মানির বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা খেলায় অংশগ্রহণের পাশাপাশি নিজেদের শিকড়, সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্য উদযাপনে মেতে ওঠেন। ফলে মাঠের ফুটবল প্রতিযোগিতা ছাপিয়ে পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক মহামিলনমেলায় রূপ নেয়।

আয়োজকেরা জানান, দেশ এলিট কাপের মতো এমন উদ্যোগ প্রবাসের মাটিতে বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার চর্চা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে বড়ো ভূমিকা রাখছে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সংযোগ ও সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে।

দ্বিতীয় দেশ এলিট কাপের এই ট্রফি জয়ের মধ্য দিয়ে বিডি অফেনবাখ ইউনাইটেড জার্মানির প্রবাসী ফুটবল অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের এক নতুন মাইলফলক স্থাপন করলো।